ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই দলের প্রথম দেখায় নাটকীয়ভাবে কলকাতা নাইট রাইডার্স ২ রানে হেরে গেলেও ফিরতি দেখায় ৮ উইকেটে সহজেই কিংস ইলিভেন পাঞ্জাবকে হারিয়েছে দলটি। ৬ খেলায় এটি কলকাতার তৃতীয় জয় অন্য দিকে ৫ খেলায় পাঞ্জাবের তৃতীয় হার।
মোহালির পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৪ রান করে কিংস ইলিভেন পাঞ্জাব। জবাবে অধিনায়ক গৌতম গম্ভীরের অপরাজিত অর্ধশতকের সুবাদে ১৬ ওভার ৩ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স।
লক্ষ্য তাড়া করতে নেমে ব্রেন্ডন ম্যাককালামের (১৫) সঙ্গে গম্ভীরের ৫৩ রানের উদ্বোধনী জুটি অতিথিদের ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে মরভিন্দর সিং বিসলার (১১) ২১ রানের ছোট কিন্তু কার্যকরী আরেকটি জুটি গড়েন গম্ভীর।
তৃতীয় উইকেটে জ্যাক ক্যালিসের সঙ্গে গম্ভীরের ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি দলের তৃতীয় জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে ৬৬ রানে অপরাজিত থাকেন গম্ভীর। তার ৪৪ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা।
২১ বল হাতে রেখে পাওয়া জয়ে ক্যালিসেরও বড় অবদান। তিনি অপরাজিত থাকেন ৩০ রানে।
কিংস ইলিভেন পাঞ্জাবের পক্ষে পীযুষ চাওলা দুটি করে উইকেট নেন।
এর আগে পল ভালথেটির (৮) সঙ্গে ২৪ ও শন মার্শের সঙ্গে ২০ রানের দুটি জুটি গড়ে স্বাগতিকদের ভালো সূচনা এনে দেন কিংস ইলিভেন পাঞ্জাব অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। জ্যাক ক্যালিসের করা ষষ্ঠ ওভারের পঞ্চম বলে রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে গিলক্রিস্ট মাঠ ছাড়লে খেলার চিত্র পাল্টে যায়।
দলীয় ৮৬ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে মার্শ করেন ৩৩ রান। এক রান পরেই রান আউট হয়ে বিদায় নেন ডেভিড হাসি (১০)। কলকাতার বিপক্ষে আগের ম্যাচেও রান আউট হন তিনি।
শেষ দিকে মাঠে ফিরে দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেয়ার চেষ্টা করেন গিলক্রিস্ট। তিনি ৩০ বলে ৩টি চার ও একটি ছক্কার সাহায্যে ৪০ রানে অপরাজিত থাকেন।
কলকাতা নাইট রাইডার্সের পক্ষে সুনীল নারায়ণ ও ব্রেট লি দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪১ ঘ.
bdnews24