২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ নিয়ে অচলাবস্থায় ক্লাবগুলোর ক্ষোভ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অচলাবস্থা এখনো না কাটায় ক্লাবগুলো ভীষণ হতাশ। লিগের ভবিষ্যত নিয়ে অন্ধকারে রাখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করেছে ক্লাবগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অচলাবস্থা এখনো না কাটায় ক্লাবগুলো ভীষণ হতাশ। লিগের ভবিষ্যত নিয়ে অন্ধকারে রাখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করেছে ক্লাবগুলো। প্রিমিয়ার লিগের সমস্যার সমাধান না করে ২০ এপ্রিল থেকে জাতীয় লিগ শুরু করার ঘোষণা দেয়ায় বিসিবির ওপরে ক্ষুব্ধ ক্লাবের কর্মকর্তারা। আবাহনীর ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক এম এ আওয়াল চৌধুরী বুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমস্যার সমাধান বিসিবিকেই করতে হবে। লিগে এর আগেও সমস্যা তৈরি হয়েছিলো। আর সে সবের সমাধান বিসিবিই করেছে।” “কিন্তু এবার কেন তারা সমাধান বের করতে পারছে না তা বোঝা যাচ্ছে না। শুনেছি তারা আইনি পথে সমাধান বের করার চেষ্টা করছে। তবে আমার মনে হয় না এভাবে সমস্যার সমাধান সম্ভব। ক্লাবগুলোর সঙ্গে বসেই সমাধান বের করা উচিৎ। আর সেটা সম্ভবও,” যোগ করেন তিনি। প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে যাওয়ায় আওয়াল চৌধুরী একই সঙ্গে ক্ষুব্ধ ও হতাশ। তিনি বলেন, “লিগ বন্ধ করে দেয়ায় ক্রিকেটাররা খেলা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে দেশের ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে।” “লিগ কবে নাগাদ শুরু হবে বা আদৌ শুরু হবে কিনা সে ব্যাপারে বিসিবি আমাদের কিছু জানায়নি। এ ব্যাপারে আমরা এখন সম্পূর্ণ অন্ধকারে,” যোগ করেন আবাহনীর ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক। প্রায় একই বক্তব্য ওল্ড ডিওএইচএস ক্রিকেট ক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের। তিনি বলেন, “লিগ নিয়ে যা হচ্ছে তাতে খেলোয়াড়রা নিরুৎসাহিত হয়ে পড়ছে। এভাবে ছেলেখেলা চলতে থাকলে ক্রিকেটারদের পক্ষে ভালো খেলা সম্ভব হবে না।” “সমস্যার সমাধান এখন কোন্ পর্যায়ে আছে সে ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। বিসিবি থেকে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। লিগ কত দিনের জন্য বন্ধ রাখা হয়েছে সে ব্যাপারেও আমরা কোনো চিঠি পাইনি,” যোগ করেন সাইফুল। সাইফুলের দৃঢ় বিশ্বাস, ক্লাবগুলোকে সঙ্গে নিয়ে আলোচনায় বসলে সমস্যার গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসতো। কিন্তু তা না করায় আর্থিকভাবে তো বটেই, মানসিকভাবেও ক্লাবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে সাইফুল বলেন, “লিগ যে শুরু হবে না সে কথা আগে জানিয়ে দিলেই হতো। প্রতি দিন ৫০ হাজার টাকা করে অন্তত ১০ লক্ষ টাকা আমাদের বাড়তি খরচ হয়েছে।” “আমরা এরই মধ্যে ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছি। এবারের লিগ নিয়ে যা হচ্ছে তাতে আগামীবার বিশাল অংকের অর্থ ব্যয় করে ভালো দল গড়ার ইচ্ছা কোনো-কোনো দলের নাও থাকতে পারে,” যোগ করেন তিনি। পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের ছাড়পত্র জটিলতায় গত ২৮ মার্চ থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে আছে প্রিমিয়ার লিগের সুপার লিগ। সমস্যার সমাধানে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে বিসিবি। তবে তাতে কোনো সমাধান আসেনি। বরং ভিক্টোরিয়া ছাড়া সুপার লিগের অন্য পাঁচটি দল একজোট হয়ে সিসিডিএমের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গড়াসহ চারটি দাবি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৮ ঘ.