ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোলারদের দাপটে মুম্বাই ইন্ডিয়ান্সকে সহজেই ৭ উইকেটে হারিয়ে শীর্ষে উঠে এসেছে দিল্লি ডেয়ারডেভিলস। ৪ খেলায় এটি দিল্লির তৃতীয় জয় অন্য দিকে পাঁচ খেলায় মুম্বাইয়ের দ্বিতীয় হার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে ৯২ রানেই শেষ হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস। জবাবে ১৪ ওভার ৫ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ডেয়ারডেভিলস।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে নামান ওঝার (১৩) সঙ্গে অধিনায়ক বীরেন্দর শেবাগের ৩৪ রানের উদ্বোধনী জুটি অতিথিদের ভালো সূচনা এনে দেয়।
দ্বিতীয় উইকেটে কেভিন পিটারসেনের (৯) সঙ্গে ১৮ ও তৃতীয় উই্কেটে মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ২২ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে দিল্লিকে ভালো অবস্থানে নিয়ে আসেন শেবাগ। দলীয় ৭৪ রানে সাজঘরের পথ ধরার আগে তিনি করেন ৩২ রান।
চতুর্থ উইকেটে রস টেলরকে (১১*) নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন জয়াবর্ধনে। ৩১ বল হাতে রেখ পাওয়া জয়ে জয়াবর্ধনের বড় অবদান। ম্যাচ শেষে তিনি অপরাজিত থাকেন ১৭ রানে।
এর আগে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় একশর আগেই গুটিয়ে যায় মুম্বাইয়ের ইনিংস। সর্বোচ্চ ৩৩ রানে আসে অধিনায়ক হরভজন সিংয়ের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন রোহিত শর্মা।
এই দুজন ছাড়া মুম্বাইয়ের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেন নি। দলের ৮ ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে সাকুল্যে ১৩ রান।
দিল্লি ডেয়ারডেভিলসের পক্ষে চারজন বোলার দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪১ ঘ.
bdnews24