২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফর নিয়ে তোপের মুখে বিসিবি

পাকিস্তান সফরের বাইরের একটি বিষয়ে মিডিয়াকে জানাতে আয়োজিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে থাকলো সেই সফরই। আইসিসির ই-মেইল থেকে বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারটি নিশ্চিত হওয়ার পরের দিনই তোপের মুখে পড়লো বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান সফরের বাইরের একটি বিষয়ে মিডিয়াকে জানাতে আয়োজিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে থাকলো সেই সফরই। আইসিসির ই-মেইল থেকে বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারটি নিশ্চিত হওয়ার পরের দিনই তোপের মুখে পড়লো বিসিবি। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে জাতীয় দলের প্রধান কোচ স্টুয়ার্ট লয়ের পদত্যাগের কথা জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এরপর এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ কথা বলেন। সে সময় তাকে লয়ের পদত্যাগ ও পাকিস্তান সফর সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। পাকিস্তান সফরে ২৯ এপ্রিল একমাত্র ওয়ানডে ও পরের দিন একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। সফরের আনুষ্ঠানিক ঘোষণার পর দিনই স্টুয়ার্ট ল পদত্যাগের ঘোষণা দেয়ায় সংবাদ সম্মেলনে বার বার প্রশ্ন উঠেছে, পাকিস্তান সফরের কারণেই কী সরে দাঁড়ালেন জাতীয় দলের কোচ? এ সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে সিরাজকে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান কিছু প্রশ্নের জবাব এড়িয়ে যান। আবার কিছু প্রশ্নের জবাব রেখে দেন বিসিবি সভাপতির জন্য। পাকিস্তান সফরের ব্যাপারে সিরাজ বলেন, “এই সফর এখন আইসিসির হাতে চলে গেছে। আইসিসির বৈঠক শেষে বিসিবি ও পিসিবির সভাপতি সংবাদ সম্মেলনে সিরিজের তারিখ ঘোষণা করেছেন।” “তবে এখনো এই সফর নিশ্চিত হয়নি। ঘোষণা এসেছে শুধু। আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের কাছে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি গ্রহণযোগ্য হবে কিনা তার ওপরেই নির্ভর করছে আমাদের সফর,” যোগ করেন তিনি। সিরাজ বলেন, “নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আইসিসির একটি দল পাকিস্তানে যাবে। তারা পাকিস্তানে খেলার মতো পরিস্থিতি আছে কিনা তা খতিয়ে দেখবে। আইসিসি এ ব্যাপারে রিপোর্ট না দেয়া পর্যন্ত বিসিবি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।” তিনি আরো বলেন, “বোর্ড সভাপতির আগের মন্তব্য নিয়ে আলোচনা করার কিছু নেই। কারণ তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়। পরিবর্তিত পরিস্থিতিতে আইসিসি পুরো বিষয়টি দেখছে।” “ম্যাচ রেফারি ও আম্পায়ার পাঠানোর দায়িত্ব আইসিসির। এই সফর এখন অনেকটাই আইসিসির হাতে। তাদের সিদ্ধান্ত না জেনে কিছু বলা বাড়াবাড়ি হয়ে যাবে,” যোগ করেন সিরাজ। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য গত মাসে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যায়। দেশে ফিরে পাকিস্তানের নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেতও দেন বিসিবি সভাপতি। তবে পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার শুধু বাংলাদেশ সরকারের। এ প্রসঙ্গে সিরাজ বলেন, “বিসিবি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে নিরাপত্তাজনিত রিপোর্ট জমা দিয়েছে। বিসিবির কর্মকর্তারা সেখানকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। উচ্চ পর্যায়ের সেই রিপোর্টে কী লেখা আছে তা আমাদের জানা নেই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও উচ্চ পর্যায়ে এই রিপোর্ট জমা রয়েছে। সেটি জনসমক্ষে প্রকাশিত হওয়ার কথা নয়।” পাকিস্তান সফরের জন্য নিরাপদ হলে বাংলাদেশ কেন মাত্র একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “বিসিবি সভাপতি দেশে ফিরুক। তিনিই এই প্রশ্নের ভালো জবাব দিতে পারবেন।” “ক্রিকেটাররা বিরোধিতা করবে এমন কোনো সিদ্ধান্ত নেবে না বিসিবি। আমার মনে হয় বিসিবি সভাপতি দেশে ফেরার পরেই এ ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তিনিই সব প্রশ্নের ব্যাখা দিতে পারবেন,” যোগ করেন সিরাজ। তার এই উত্তরের সঙ্গে-সঙ্গেই সম্পূরক প্রশ্ন ছিলো, বিসিবি সভাপতি যেখানে ঘরোয়া ক্রিকেটের সমস্যার সমাধানই দিতে পারেন না সেখানে তিনি পাকিস্তানে যাবার মতো কঠিন সিদ্ধান্ত কী করে নিচ্ছেন? কিন্তু এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান সিরাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৩৬ ঘ.