২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরকে নিয়ে আশাবাদী তার পরামর্শক

স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির নিষেধাজ্ঞার মেয়াদ শেষে আরো ভালো বোলার হিসেবে ফিরবেন বলে মনে করেন তার পরামর্শক আসিফ বাজওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির নিষেধাজ্ঞার মেয়াদ শেষে আরো ভালো বোলার হিসেবে ফিরবেন বলে মনে করেন তার পরামর্শক আসিফ বাজওয়া। পাকিস্তানের ওয়েবসাইট ‘পাক ডট প্যাশন ডট নেট’কে বাজওয়া বলেন, “আমি আমিরকে খুব ভালো করে চিনি। বর্তমান সময়ের চেয়ে আরো ভালো বোলার হিসেবে তার পেশাদার ক্রিকেটে ফেরার ব্যাপারে আমি আশাবাদী।” “আমি এরই মধ্যে তার সঙ্গে কাজ শুরু করেছি। আগামী মাসে রাওয়ালপিন্ডি ফেরার পর সে ফিটনেস ও ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কাজ শুরু করবে। দেশে ফিরেই সে কাজ শুরু করতে চাইলেও আমি তাকে মে মাস পর্যন্ত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছি,” যোগ করেন আমিরের স্কুল শিক্ষক। আমির শিক্ষা ও কোচিংয়ের মাধ্যমে তরুণদের সচেতন করে তুলতে চান। তরুণরা যেন তার মতো ফাঁদে পা না দেয় সে ব্যাপারে সচেতন করে তোলাই আমিরের লক্ষ্য। এ প্রসঙ্গে বাজওয়া বলেন, “আমির নিজের ভুল সম্পর্কে তরুণদের সচেতন করে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে সে তাদের সহায়তা করতে চায়।” “শুনানির সময় আমির ইংল্যান্ডে গিয়েছিলো বালক হিসেবে। আর দেশে ফিরেছে পুরুষ হয়ে। কারাগারে মাত্র তিন মাস থাকলেও তার জীবন দর্শনে অনেক পরিবর্তন এসেছে। সে এখন অনেক পরিণত। নিজের ভবিষ্যত নিয়ে তার কথাবার্তায় আমি মুগ্ধ,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১১ ঘ.