২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বলে রোহিতের ছয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে দারুণ জয় এনে দিয়েছেন রোহিত শর্মা। সোমবার ডেকান চার্জার্সকে ৫ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 06:17 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে দারুণ জয় এনে দিয়েছেন রোহিত শর্মা। সোমবার ডেকান চার্জার্সকে ৫ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিশাখাপতনমের ড. ওয়াইএস রাজাশেখর রেডি এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৮ রান করে ডেকান চার্জার্স। জবাবে রোহিতের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ের জন্য ড্যান ক্রিশ্চিয়ানের করা শেষ ওভারে ১৮ রান প্রয়োজন ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। চতুর্থ ও ষষ্ঠ বলে দুই ছক্কার সাহায্যে ২১ রান নিয়ে শেষ হাসি হাসেন রোহিত। ম্যাচ শেষে ৭৩ রানে অপরাজিত থাকা রোহিতের ৫০ বলের ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ডেল স্টেইনের তোপের মুখে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা মোটেও ভালো হয়নি। ১০ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে অম্বতি রাইডুর (১৯) সঙ্গে ৪৮ ও চতুর্থ উইকেটে কাইরন পোলার্ডের (২৪) ৩৭ রানের দুটি কার্যকর জুটি গড়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে লড়াইয়ে ফেরান রোহিত। পোলার্ডের ১৮ বলের ইনিংসে ৩টি ছক্কা। পঞ্চম উইকেটে দীনেশ কার্তিকের (৭) সঙ্গে ২৫ এবং ষষ্ঠ উইকেটে জেমস ফ্রাঙ্কলিনের (৭*) সঙ্গে অবিচ্ছিন্ন ২২ রানের জুটি গড়ে দলের দ্বিতীয় জয় নিশ্চিত করেন রোহিত। ১২ রানে ৩ উইকেট নিয়ে স্টেইনই ডেকান চার্জার্সের সেরা বোলার। এর আগে শিখর ধাওয়ানের ৪১, ড্যান ক্রিশ্চিয়ানের ৩৯ ও ক্যামেরন হোয়াইটের অপরাজিত ৩০ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে ডেকান চার্জার্স। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে ২০ রানে ৪ উইকেট নেন মুনাফ প্যাটেল। লাসিথ মালিঙ্গা ৩ উইকেট নেন ২৭ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৬ ঘ.