২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পূর্ণাঙ্গ ভারত সফর হতে পারে চলতি বছরই’

চলতি বছরেই বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফরে যেতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরেই বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফরে যেতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। সোমবার বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট বোর্ডের (বিসিবি) মুলতবি সভায় এ কথা বলেন বলে বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। ২০০০ সালের ১২ নভেম্বর প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। দেশের মাটিতে খেলা সেই টেস্টের প্রতিপক্ষ প্রতিবেশী ভারতে এক যুগেও কোনো পূর্ণাঙ্গ সফরে যেতে পারেনি বাংলাদেশ। চলতি ভবিষ্যৎ সফর সূচি পরিকল্পনায় (এফটিপি) ভারতে বাংলাদেশের কোনো পূর্ণাঙ্গ সফর নেই। এফটিপির খসড়া প্রকাশিত হওয়ার পর থেকেই ভারত সফর না থাকায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় বিসিবিকে। সে সময় এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আশ্বস্ত করে বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তারা সফরের ব্যাপারে আলোচনা করছেন। শিগগির ভারত যাবে জাতীয় দল। আইপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কদিন আগে ভারত সফর করে আসেন বিসিবি সভাপতি। সে সময় বিসিসিআই সভাপতি এ শ্রীনিবাসনের তার ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সোমবারের সভায় জানান কামাল। তিনি বলেন, এ বছরের শেষ নাগাদ ভারতে পূর্ণাঙ্গ সফরের ব্যাপারে নিশ্চয়তা পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/পিডি/২২৩৬ ঘ.