২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিন পেছালো ক্রিকেট লিগ

ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ তিন দিন পিছিয়ে দেয়া হয়েছে । নতুন ঘোষণা অনুযায়ী ১৩ এপ্রিল থেকে লিগ শুরু হওয়ার কথা জানিয়েছে লিগের আয়োজক ‘ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস’ বা সিসিডিএম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 04:14 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ তিন দিন পিছিয়ে দেয়া হয়েছে । নতুন ঘোষণা অনুযায়ী ১৩ এপ্রিল থেকে লিগ শুরু হওয়ার কথা জানিয়েছে লিগের আয়োজক ‘ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস’ বা সিসিডিএম। এই ঘোষণার ফলে সম্ভাব্য সঙ্কট এড়ানোর সুযোগ পেলো সিসিডিএম। পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের ছাড়পত্রের ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা না এলে মাঠে না নামার হুমকি দিয়েছিল আবাহনী ও মোহামেডান। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সমন্বয়ক আইনুল ইসলাম তিয়াশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাঠ খেলার অনুপযোগী থাকায় আমরা তিন দিন খেলা পেছানোর সিদ্ধান্ত নিয়েছি।” “এর মধ্যে ভারী বৃষ্টি হলে কিংবা মাঠ খেলার অনুপযুক্ত থাকলে লিগ আরো দেরিতে শুরু হতে পারে,” যোগ করেন তিনি। লিগে অংশ নেয়ার ব্যাপারে মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া বলেন, “ইউসুফের জাল ছাড়পত্র অবৈধ ঘোষণা না করা পর্যন্ত আমরা মাঠে নামবো না। কাগজপত্রেই তো সব কিছু পরিষ্কার। তাহলে তাকে অবৈধ ঘোষণা করা হচ্ছে না কেন।” ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর ব্যবস্থাপক শেখ মাসুদ ইকবাল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যা নিয়ে সমস্যা তার তো সমাধান হলো না। ইউসুফের ছাড়পত্র জাল বলে ভিক্টোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে আমরা মাঠে নামিনি। এখন ঐ বিষয়টি পাশ কাটিয়ে লিগ শুরু করা হলে আমরা মাঠে নামবো না।” “আমরা খেলা শুরু করার পক্ষে। তবে তার আগে ইউসুফের ছাড়পত্রের ব্যাপারে বিসিবিকে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে,” যোগ করেন তিনি। এর আগে গত ৭ এপ্রিল এক জরুরি সভায় বসে ১০ এপ্রিল থেকে সিসিডিএমকে লিগ শুরু করার নির্দেশ দেয় বিসিবি। সে অনুযায়ী ৮ এপ্রিল সিসিডিএমের স্ট্যান্ডিং কমিটি জরুরি সভায় বসে ১০ তারিখ থেকে লিগ শুরু করার সিদ্ধান্তও নেয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ এপ্রিল লিগ শেষ হওয়ার কথা ছিল। ২৮ ও ৩১ মার্চ দুই দফা সব কাগজপত্র পরীক্ষা করে ইউসুফের নিবন্ধনকে বৈধ ঘোষণা করে সিসিডিএম। যদিও ইউসুফের ছাড়পত্র ও নিবন্ধনের ব্যাপারে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সিসিডিএমের আবেদনের ভিত্তিতে গত ১ এপ্রিল সমস্যা উত্তরণের পথ খুঁজতে বিসিবির জেষ্ঠ্য সহ-সভাপতি মাহবুব আনামকে প্রধান করে চার সদস্যের বিশেষ কমিটি গঠন করে বিসিবি। ইউসুফের ছাড়পত্র জাল - মোহামেডানের এমন চিঠি পেয়ে ২৮ মার্চ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিক্টোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে অস্বীকৃতি জানায় আবাহনী। সেই রাতেই সুপার লিগের খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সিসিডিএম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৫ঘ.