ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রবীন্দ্র জাদেজার ‘অলরাউন্ড’ নৈপুণ্যের সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবারের দ্বিতীয় খেলায় ডেকান চার্জার্সকে সহজেই ৭৪ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।
বিশাখাপতনমের ড. ওয়াইএস রাজাশেখর রেডি এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৩ রান করে চেন্নাই সুপার কিংস। চলতি আসরে এটাই সর্বোচ্চ রান। জবাবে ১৭ ওভার ১ বলে ১১৯ রানেই থেমে যায় ডেকান চার্জার্সের ইনিংস। বর্তমান চ্যাম্পিয়নদের এটাই প্রথম জয়।
লক্ষ্য তাড়া করতে নেমে জাদেজার মারাত্মক বোলিংয়ে ১৭ বল আগেই থেমে যায় ডেকান চার্জার্সের ইনিংস। দলের প্রথম পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছালেও তাদের কেউই দায়িত্ব নিয়ে খেলতে পারেন নি। ফলে ৩২ রানের উদ্বোধনীর পরও ৯৯ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে দলটি।
সর্বোচ্চ ২৩ রান আসে অধিনায়ক ক্যামেরন হোয়াইটের ব্যাট থেকে। এছাড়া শিখর ধাওয়ান ২১ ও পার্থিব প্যাটেল ২০ রান করেন।
১৬ রানে ৫ উইকেট নিয়ে জাদেজা চেন্নাই সুপার কিংসের সেরা বোলার। চলতি বছরে এই প্রথম কোনো বোলার ৫ উইকেট পেলেন।
এর আগে ২ রানেই মুরালি বিজয়ের বিদায়ে চেন্নাই সুপার কিংসের শুরুটা ছিল নি®প্রভ। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নার (১৬) সঙ্গে ৪০ ও তৃতীয় উইকেটে সুব্রামানিয়াম বদ্রিনাথের সঙ্গে ২১ রানের দুটি ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন ফাফ দু প্লেসিস (৩৯)।
দলীয় ৬৩ রানে প্লেসিসের বিদায়ের পর মাঠে নামেন জাদেজা। চতুর্থ উইকেটে বদ্রিনাথের (২৫) সঙ্গে ৩১, পঞ্চম উইকেটে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (৭) সঙ্গে ২৬ ও ডোয়াইন ব্র্যাভোর সঙ্গে ২৭ রানের তিনটি জুটি গড়ে চেন্নাই সুপার কিংসের রান দেড়শর কাছাকাছি নিয়ে আসেন জাদেজা (৪৮)। তার ২৯ বলের ইনিংসটি ৩টি করে চার ও ছক্কায় সাজানো।
জাদেজার বিদায়ের পর ডেকার চার্জার্স বোলারদের ওপর চড়াও হন ব্র্যাভো। শেষ পর্যন্ত ১৮ বলে ৫ ছক্কার সাহায্যে তার অপরাজিত ৪৩ রানের সুবাদে দুশর কাছাকাছি স্কোর গড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৩ ঘ.
bdnews24