২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিদের বকেয়া পরিশোধ শিগগির: লিপু

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়া সব বিদেশি ক্রিকেটারের বকেয়া সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন এ প্রতিযোগিতার গভর্নিং কাউন্সিল সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়া সব বিদেশি ক্রিকেটারের বকেয়া সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন এ প্রতিযোগিতার গভর্নিং কাউন্সিল সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্ত বিভিন্ন খবর আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনাও করেছি আমরা।” “বিদেশি ক্রিকেটারদের অর্থ পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাঙ্কের অনুমোদন প্রয়োজন। এরই মধ্যে আমরা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছি। অনুমতির জন্য বাংলাদেশ ব্যাঙ্কেও আবেদন করা হয়েছে। আশা করি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিদেশি ক্রিকেটারদের সব পাওনা পরিশোধ করা যাবে,” যোগ করেন তিনি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ সংবাদ সম্মেলন হয়। পাওনা পরিশোধে ফ্র্যাঞ্চইজিগুলোও সম্পূর্ণ প্রস্তুত বলে জানান গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাঙ্ক থেকে অনুমোদন পাওয়ার সঙ্গে-সঙ্গে পাওনা পরিশোধ করা হবে। ব্যাঙ্কের অনুমোদন নিয়ে পাওনা পরিশোধের ব্যাপারটি আমাদের জন্য নতুন। এবার দেয়ার পর আগামীতে এ ব্যাপারে আর কোনো সমস্যা হবে না।” “ক্রিকেটার ও তাদের এজেন্টদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে,” যোগ করেন তিনি। বৃটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ এর আগে এক প্রতিবেদনে বলে, বিপিএলে অংশ নেওয়া ইংল্যান্ডের ১৩ জন ক্রিকেটার পাওনা ৫ লাখ পাউন্ড পায়নি। এ প্রসঙ্গে গাজী আশরাফ বলেন, “তথ্যটি সঠিক নয়। তাদের এতো টাকা পাওনা থাকার কথা নয়।” “বিপিএল চলার সময় চট্টগ্রামে বিদেশি ক্রিকেটারদের সবাইকে সঙ্গে নিয়ে পাওনা পরিশোধের ব্যাপারে আমরা কথা বলেছি। এখনও পর্যন্ত কোনো খেলোয়াড় ব্যক্তিগতভাবে পাওনা নিয়ে অভিযোগ করেননি,” যোগ করেন তিনি। বিপিএল কর্তৃপক্ষ ও ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সচেষ্ট বলেও জানিয়েছেন গাজী আশরাফ। খেলোয়াড়দের পাওনা পরিশোধের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) প্রতিশ্র“তিবদ্ধ। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে পড়লে সমস্যা সমাধানে বিসিবি এগিয়ে আসবে বলেও জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/পিডি/২১৩৫ ঘ.