ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরানোর পাশাপাশি আরো কিছু দিন আইসিসির টেস্ট র্যাংকিংয়ে সবার ওপরে থাকা নিশ্চিত করেছে ইংল্যান্ড।
পি সারা ওভালে শনিবার ৬ উইকেটে ২১৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও অ্যাঞ্জেলো ম্যাথুস স্বাগতিকদের ৩৩ রানের ছোট লিডটাকে বাড়িয়ে নিতে সতর্কতার সঙ্গে খেলা শুরু করেন।
জয়াবর্ধনেকে (৬৪) দ্রুত ফিরিয়ে দিয়ে অতিথিদের দারুণ সূচনা এনে দেন গ্রায়েম সোয়ান। দলীয় ২৩৮ রানে অধিনায়কের বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে ম্যাথুসকে। তার ৪৬ রানের সুবাদেই এক শ রানের কাছাকাছি লিড নেয় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয় দলটি।
১০৬ রানে ৬ উইকেট নিয়ে সোয়ানই ইংল্যান্ডের সেরা বোলার।
৯৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস (০) ও জোনাথন ট্রট (৫) দ্রুত ফিরে গেলেও দলকে সহজ জয় এনে দেন অ্যালিস্টার কুক (৪৯*) ও ম্যাচ সেরা কেভিন পিটারসেন (৪২*)।
বাংলাদেশ সফর বাদে এশিয়ায় গত দশ বছরের মধ্যে এটি ইংল্যান্ডের মাত্র দ্বিতীয় টেস্ট জয়।
শ্রীলঙ্কা : ২৭৫ (জয়াবর্ধনে ১০৫; সোয়ান ৪/৭৫) ও ২৭৮ (প্রসাদ ৩৪, থিরিমান্নে ১১, দিলশান ৩৫, সাঙ্গাকারা ২১, জয়াবর্ধনে ৬৪*, সামারাবীরা ৪৭, রানদিভ ০, ম্যাথিউস ৪৭, প্রসন্ন ২, হেরাথ ২, লাকমল ৪*; সোয়ান ৬/১০৬, ফিন ২/৩০, অ্যান্ডারসন ১/৩৬, প্যাটেল ১/৫৪)
ইংল্যান্ড : ৪৬০ (পিটারসেন ১৫১, কুক ৯৪; হেরাথ ৬/১৩৩) ও ৯৭/২ (স্ট্রাউস ০, কুক ৪৯* ট্রট ৫, পিটারসেন ৪২*; হেরাথ ১/৩৭, দিলশান ১/৪৩)
ম্যাচ সেরা: কেভিন পিটারসেন
সিরিজ সেরা: মাহেলা জয়াবর্ধনে
সিরিজ: ১-১ সমতা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৫৪৯ ঘ.
bdnews24