২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনে ওয়ারিয়র্সের কাছে মুম্বাই ইন্ডিয়ান্সের হার

অশোক দিন্দার মারাত্মক বোলিংয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সকে সহজেই ২৯ রানে হারিয়েছে পুনে ওয়ারিয়র্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 10:21 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অশোক দিন্দার মারাত্মক বোলিংয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সকে সহজেই ২৯ রানে হারিয়েছে পুনে ওয়ারিয়র্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৯ রান করে পুনে ওয়ারিয়র্স। জবাবে ৯ উইকেটে ১০০ রানে থেমে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস। এর আগে লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা মোটেও ভালো হয়নি। ৫ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন প্রথম তিন ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে দিনেশ কার্তিকের (৩২) সঙ্গে জেমস ফ্রাঙ্কলিনের ৪৯ রানের জুটির সুবাদে প্রাথমিক ধাক্কা সামলে খেলায় ফেরে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দলীয় ৫৪ রানে কার্তিকের বিদায়ের পর সূর্যকুমার যাদব (০) ও কাইরন পোলার্ড দ্রুত সাজঘরে ফিরলে চালকের আসনে বসে পুনে ওয়ারিয়র্স। অধিনায়ক হরভজন সিংয়ের (১৬) সঙ্গে ফ্রাঙ্কলিনের ২৪ রানের জুটি লড়াইয়ের আভাস দিয়েছিল। কিন্তু দলীয় ৮৮ রানে ফ্রাঙ্কলিনের (৩২) বিদায়ের পর আর এগোয়নি মুম্বাইয়ের ইনিংস। ১৭ রানে ৪ উইকেট নিয়ে দিন্দা পুনে ওয়ারিয়র্সের সেরা বোলার। এর আগে ব্যাট করতে নেমে রানের খাতা খুলার আগেই মনিশ পান্ডের বিদায়ে পুনে ওয়ারিয়র্সের শুরুটা হয় বিবর্ণ। অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (৩), ওয়েইন পারনেল (১১) ও ক্যালাম ফার্গুসনের (১২) দ্রুত বিদায় নিলে দলের বিপদ আরো বাড়ে। এক পর্যায়ে পুনে ওয়ারিয়র্সের স্কোর দাঁড়ায় ৪৭/৪। সেখান থেকে পঞ্চম উইকেটে রবিন উথাপ্পার (৩৬) সঙ্গে ৪৪ ও অষ্টম উইকেটে মুরালি কার্তিকের (১৪*) সঙ্গে ২৩ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে পুঁজি এনে দেন স্টিভেন স্মি। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে দুটি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা ও মুনাফ প্যাটেল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চার বিদেশির কোটায় পুনে ওয়ারিয়র্স মারলন স্যামুয়েলস, ক্যালাম ফার্গুসন, স্টিভেন স্মিথ ও ওয়েইন পারনেলকে খেলানোয় আইপিএল অভিষেকের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে তামিম ইকবালকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০০৬ ঘ.