২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির চুক্তি থেকে আশরাফুল বাদ

জাতীয় ক্রিকেটারদের বেতন বাড়লেও এবার সেই তালিকা থেকেই বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। এক বছর পর তালিকায় ঢুকেছেন পেসার মাশরাফি বিন মর্তুজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 04:50 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় ক্রিকেটারদের বেতন বাড়লেও এবার সেই তালিকা থেকেই বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। এক বছর পর তালিকায় ঢুকেছেন পেসার মাশরাফি বিন মর্তুজা। বাদ পড়া তালিকায় আশরাফুলের সঙ্গী হয়েছেন ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক, মিডিয়াম পেসার সৈয়দ রাসেল, মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসান ও মাঠের বাইরের ঘটনায় আলোচিত পেসার শাহাদাত হোসেন। তালিকায় নতুন ঢুকেছেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী ও মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন এবং উদ্বোধনী ব্যাটসম্যান নাজিম উদ্দিন ও স্পিনার ইলিয়াস সানি। ক্রিকেটারদের বেতন ১০ শতাংশ করে বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী এ+ শ্রেণীর ক্রিকেটাররা পাবেন ১ লাখ ৪৬ হাজার টাকা, এ শ্রেণীর ক্রিকেটাররা ১ লাখ ২০ হাজার টাকা, বি শ্রেণীর ক্রিকেটাররা ৯২ হাজার টাকা, সি শ্রেণীর ক্রিকেটারা ৬৫ হাজার টাকা ও নবাগত শ্রেণীর ক্রিকেটারা ৪৬ হাজার টাকা বেতন পাবেন। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩৫তম সভায় খেলোয়াড়দের সঙ্গে নতুন চুক্তির অনুমোদন দেয়া হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ। নতুন চুক্তিতে এ+ শ্রেণীতে রয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তুজা। এ শ্রেণীতে রয়েছেন মাহমুদুল্ল¬াহ রিয়াদ ও ইমরুল কায়েস। বি শ্রেণীতে রুবেল হোসেন ও নাজমুল হোসেন ও শফিউল ইসলাম। সি শ্রেনীতে রয়েছেন নাসির হোসেন ও জহুরুল ইসলাম। এছাড়া সভায় ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ নিয়ে অচলাবস্থা কাটাতে চার সদস্যের একটি কমিটি গঠন করে তাদের ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়া হয়েছে। খুলনা বিকেএসপিকে ইজারা নিয়ে একটি আধুনিক ক্রিকেট একাডেমিতে পরিণত করার বিষয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সঙ্গে আলোচনার সিদ্ধান্তও নেয়া হয়েছে সভায়। এছাড়া বিকেএসপির দুটি মাঠকে আন্তর্জাতিক মানে নিয়ে আসার পরিকল্পনা করেছে বিসিবি। শিগগির এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হবে বলে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২২৪৫ ঘ.