ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়লাটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলমান সংকট নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বারস্থ হয়েছিলো সিসিডিএম। যদিও রোববার বিসিবির ৩৫তম সভায় এই বিষয়ে কোনো সমাধান পাওয়া যায়নি।
তবে সুষ্ঠু সমাধানের জন্য সভায় বিসিবির জেষ্ঠ্য সহ-সভাপতি মাহবুব আনামকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভা শেষ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, “পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের নিবন্ধন নিয়ে জটিলতায় তিনটি পক্ষ। তিন পক্ষের সঙ্গেই আমি আলাদাভাবে কথা বলেছি, কিন্তু তাদের একসঙ্গে বসানো যায়নি। এভাবে সমাধানে পৌঁছানো যাবে না, তিন দলকে এক সঙ্গে নিয়েই কথা বলে সমাধান বের করতে হবে।”
“উত্তরণের পথ খুঁজে বের করতে বোর্ডের জেষ্ঠ্য সহ-সভাপতি মাহবুব আনামকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল (সোমবার) তারা আবাহনী, মোহামেডান ও ভিক্টোরিয়ার সঙ্গে বসে একটা সমাধান পৌঁছানো চেষ্টা করবেন,” যোগ করেন তিনি।
কমিটির অন্য তিন সদস্য হলেন গাজী আশরাফ হোসেন লিপু, দেওয়ান শফিউল আরেফীন টুটুল ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
সোমবার কখন ক্লাবগুলোর সঙ্গে বসবে কমিটি তা জানতে চাইলে টুটুল বলেন, “এখনো ঠিক করা হয়নি। আগে নিজেদের মধ্যে আলোচনা করে নিতে হবে। তবে আমরা শিগগির সমাধানে পৌঁছাতে চাই।”
মোহামেডান ও আবাহনী দাবি করছে ইউসুফের নিবন্ধন জাল, অন্য দিকে সিসিডিএম ও ভিক্টোরিয়ার দাবি তার নিবন্ধন বৈধ। এ নিয়ে বুধবার ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসের পর মাঠে নামতে অস্বীকৃতি জানায় আবাহনী।
এতে ম্যাচ রেফারি পূর্ণ পয়েন্ট দেন ভিক্টোরিয়াকে। বুধবার রাতেই এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্ট কালের জন্য খেলা পিছিয়ে দেয় সিসিডিএম।
রোববারের বোর্ড সভার এক পর্যায়ে যোগ দেন সিসিডিএম সদস্য সচিব ইকবাল ইউসুফ চৌধুরী নিকু ও স্ট্যান্ডিং কমিটির সদস্য আবিদ হোসেন। সভা থেকে বেরিয়ে নিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি দেখে এখন মনে হচ্ছে আমরাই (সিসিডিএম) অভিযুক্ত। এ ব্যাপারে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারাই এর সমাধান বের করবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১৩০ ঘ.
bdnews24