ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিভাগকে ৮৬ রানে হারিয়ে ৫ম জাতীয় মহিলা ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে খুলনা বিভাগ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে শায়লা শারমীনের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ১৬৩ রান করে স্বাগতিক দল। জবাবে ৪২ ওভার ৩ বলে ৭৭ রানেই থেমে যায় ঢাকার ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা। সর্বোচ্চ ৩৬ রান আসে লতা মণ্ডলের ব্যাট থেকে। তিনি ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেন নি।
খুলনার পক্ষে রুমানা আহমেদ ১৯ রানে নেন ৪ উইকেট। এছাড়া শুকতারা রহমান ৩ উইকেট নেন ১৬ রানে।
এর আগে এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও খুলনার রানের চাকা সচল রাখেন ম্যাচ সেরা শায়লা। দলীয় ১৩৭ রানে বিদায় নেয়ার আগে করেন ৬৩ রান। তার ১৩২ বলের ইনিংসে ৪টি চার।
এর পর আট নম্বরে ব্যাট করতে নামা তাজিয়া আক্তারের অপরাজিত ৩১ রানের সুবাদে দেড়শ পেরোয় খুলনা।
ঢাকার পক্ষে মঞ্জিলা খাতুন ও তিথি রানী দুটি করে উইকেট নেন।
৭টি বিভাগীয় দলকে নিয়ে ১৫ মার্চ খুলনার দুটি ভেন্যুতে লিগের প্রথম পর্ব শুরু হয়। এক দিনের বিরতির পর ২৭ মার্চ থেকে শীর্ষ চার দলকে নিয়ে শুরু হয় লিগের দ্বিতীয় পর্ব। শীর্ষ দুই দল হিসেবে ফাইনালে খেলে ঢাকা ও খুলনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১২০ ঘ.
bdnews24