২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ ছেড়ে পয়েন্ট খোয়ালো আবাহনী

ভিক্টোরিয়ার বিপক্ষে ‘অবৈধ’ খেলোয়াড় নামানোর অভিযোগ তুলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগে ম্যাচের মাঝপথে খেলতে নামেনি বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। লিগ কমিটি পূর্ণ ২ পয়েন্ট দিয়েছে ভিক্টোরিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ভিক্টোরিয়ার বিপক্ষে ‘অবৈধ’ খেলোয়াড় নামানোর অভিযোগ তুলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগে ম্যাচের মাঝপথে খেলতে নামেনি বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। লিগ কমিটি পূর্ণ ২ পয়েন্ট দিয়েছে ভিক্টোরিয়াকে। আবাহনীর দাবি, পাকিস্তানের খেলোয়াড় মোহাম্মদ ইউসুফ মোহামেডান থেকে ‘জাল’ ছাড়পত্র নিয়ে ভিক্টোরিয়ার হয়ে খেলছেন। মোহামেডানও দাবি করেছে, ইউসুফ এখনো তাদের খেলোয়াড়। ওই ছাড়পত্র অনুযায়ী গত বছরের ১৫ জানুয়ারি ইউসুফকে অন্য দলে খেলার অনুমতি দিয়েছে মোহামেডান। এ ব্যাপারে ২৭ মার্চ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আয়োজক সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) চিঠির মাধ্যমে নিজেদের আপত্তি এবং ‘জাল’ ছাড়পত্রের ব্যাপারে জানায় মোহামেডান। মোহামেডানের ক্রিকেট কমিটির তৎকালীন চেয়ারম্যান লুৎফর রহমান বাদলের স্বাক্ষরকৃত ওই ছাড়পত্রের কপি পেয়ে আবাহনী ভিক্টোরিয়ার হয়ে ইউসুফের খেলার বৈধতা চ্যালেঞ্জ করে। তবে ততক্ষণে আবাহনীর ইনিংস শেষ। আনামুল হকের শতকের পরও ১৭৭ রানে অলআউট হয় তারা। লাঞ্চ ব্রেকের সময় দলটি জানায়, ইউসুফের ব্যাপারটি পরিস্কার না হলে মাঠে নামবে না তারা। লক্ষ্য তাড়া করার উদ্দেশ্যে দুই দফায় মাঠে নামেন ভিক্টোরিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার। দুপুর দুইটা পর্যন্ত মাঠে ছিলেন দুই আম্পায়ার নাদির শাহ ও মাসুদুর রহমান মুকুল। কিন্তু মাঠে নামেনি আবাহনীর কোনো খেলোয়াড়। এ নিয়ে ঘন্টা চারেকের টানাপোড়েন শেষে বিকেল পাঁচটার দিকে ম্যাচ রেফারি ওবায়দুল হক আজম সাংবাদিকদের বলেন, “আবাহনী খেলতে অস্বীকৃতি জানানোয় পূর্ণ পয়েন্ট পাবে ভিক্টোরিয়া।” “সকালে সময় মতো খেলা শুরু হয়। আবাহনী অভিযোগ করে মোহাম্মদ ইউসুফ ভিক্টোরিয়ার বৈধ খেলোয়াড় নয়। এটি প্রশাসনিক ব্যাপার। তৃতীয় আম্পায়ার সফিউদ্দিন আহমেদ বাবুকে বারবার আবাহনীর কাছে পাঠানো হলেও তারা খেলতে অস্বীকৃতি জানায়,” যোগ করেন তিনি। ম্যাচ রেফারি সিসিডিএম সভাপতির কাছে তার রিপোর্টের সঙ্গে আবাহনীর আপত্তিপত্র, মোহামেডানের অভিযোগপত্র, ইউসুফের রেজিস্ট্রেশনের কাগজপত্র ও আম্পায়ারদের রিপোার্ট পাঠিয়েছেন। আবাহনী ক্রিকেট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আই এইচ মলি¬ক এ ব্যাপারে বলেন, “আমরা শিরোপা দৌঁড়ে নেই। তবে বড় দল হিসেবে সিসিডিএমের অনিয়মের প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেটাই করেছি।” “আগের রাত থেকেই ব্যাপারটা জানা থাকলেও সকালেই কাগজপত্র হাতে পাই। জাল কাগজপত্র দিয়ে সিসিডিএমের অতি উৎসাহী কোনো ব্যক্তি ইউসুফের রেজিস্ট্রেশন করিয়েছেন। এ ব্যাপারে আমরা সিসিডিএমের জবাব জানতে চেয়েছি, কিন্তু তারা আমাদের কিছুই জানায়নি,” যোগ করেন তিনি। তিনি বলেন, “এটা আমাদের প্রতিবাদ। আমরা কখনোই না খেলার কথা বলিনি। আমরা বলেছি, ইউসুফ ভিক্টোরিয়ার বৈধ খেলোয়াড় কী না তা সিসিডিএম স্পষ্ট করুক।” ইউসুফ ২০১০-১১ মৌসুমে ছিলেন মোহামেডানের খেলোয়াড়। বিশ্বকাপে পাকিস্তানের প্রাথমিক দলে থাকায় মোহামেডানের হয়ে শেষ কটি ম্যাচ তিনি খেলেন নি। চলতি বছর তিনি এসেছেন ভিক্টোরিয়ার হয়ে খেলতে। মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভুইয়া বলেছেন, “ইউসুফকে আমরা ছাড়পত্র দেই নি। এ ব্যাপারে আমরা চিঠি দিয়েছি।” “মোহামেডানের সব চিঠিরই একটি স্মারক নম্বর ও অফিস কপি থাকে। ‘জাল’ ছাড়পত্রে তার কোনটিই নেই,” যোগ করেন তিনি। তিনি বলেন, “আজ (বুধবার) আমরা আরেকটি চিঠি দিয়েছি। এতে আমরা বলেছি, সিসিডিএমের স্পষ্ট জবাব না পেলে আমরা লিগের পরের ম্যাচগুলোয় খেলবো না।” “জাল ছাড়পত্র যারা দিয়েছেন তাদের ব্যাপারে পরে পদক্ষেপ নেওয়া হবে,” যোগ করেন তিনি। তবে ইউসুফকে নিজেদের বৈধ খেলোয়াড় হিসেবে দাবি করেছে ভিক্টোরিয়া। ক্লাবের সভাপতি শওকত আলী খান বলেছেন, “এভাবে খেলা বন্ধ করে দেয়ার ক্রিকেটের জন্য ক্ষতিকর। ক্রিকেটের জন্য এটা খুব খারাপ উদাহরণ হল।” জীবনে প্রথম এমন ঘটনার সামনে পড়ে বেশ বিব্রত ইউসুফ। তিনি বলেন, “এর আগে কখনো এমন অবস্থান সামনে পড়িনি। পুরো ব্যাপারটি আমার কাছে বেশ কঠিন মনে হচ্ছে।” “ক্রিকেট ভদ্রলোকের খেলা। এখানে যা হল তাতে ক্রিকেটের সত্যিকারের চেতনা ভুলুণ্ঠিত হয়েছে,” যোগ করেন তিনি। গত বছর দেশে ফেরার আগে ছাড়পত্র নিয়ে গিয়েছিলেন বলে দাবি করেন ইউসুফ। সিসিডিএম সদস্য সচিব ইকবাল ইউসুফ চৌধুরী নিকু জানান ৩১ মার্চ জরুরি বৈঠকে পুরো ব্যাপার নিয়ে আলোচনা করা হবে। আবাহনী ও মোহামেডানের পক্ষ থেকে সিসিডিএমের বিরুদ্ধে করা অভিযোগগুলো এড়িয়ে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৯০৯ ঘ.