২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে না পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তান খেলবে না বলে পিসিবির ক্রিকেট পরিচালনা কর্মকর্তা সোবহান আহমেদ জানিয়েছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাংলাদেশের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তান খেলবে না বলে পিসিবির ক্রিকেট পরিচালনা কর্মকর্তা সোবহান আহমেদ জানিয়েছেন । বাংলাদেশের সফরের ব্যাপারে ইতিবাচক সাড়া আশা করছেন সোবহান। সাড়া না পেলে নিরপেক্ষ ভেন্যুতে তাদের সঙ্গে খেলার কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। এপ্রিলে বাংলাদেশকে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলার আমন্ত্রন জানালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য নিরপেক্ষ ভেন্যু খুঁজছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ঘরোয়া সীমিত ওভারের সিরিজ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সোবহান। রয়টার্সকে মঙ্গলবার তিনি বলেন, “অগাস্টে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার ব্যাপারে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা চলছে।” সিরিজে ৪টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। সোবহান বলেন, “শিগগির খেলার ভেন্যুগুলো চূড়ান্ত করা হবে। শ্রীলঙ্কায় খেলায় ব্যাপারে অস্ট্রেলিয়া কোনো অনীহা দেখায় দেখায়নি।” সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর ২০০৯ সালে আক্রমণের পর থেকে মূলত সংযুক্ত আরব আমিরাতেই ‘ঘরোয়া’ সিরিজ খেলছে পাকিস্তান। অগাস্টে সংযুক্ত আরব আমিরাতের তীব্র উষ্ণতার কথা বিবেচনা করেই বিকল্প ভেন্যু খোঁজা হচ্ছে বলে জানান সোবহান। তিনি বলেন, “কোনো কারণে শ্রীলঙ্কার সঙ্গে বনিবনা না হলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকার কথাও আমাদের বিবেচনায় রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১০৬ ঘ.