ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গল টেস্টের দ্বিতীয় দিনেই ইংল্যান্ডের বিপক্ষে চালকের আসনে বসেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে জেমস অ্যান্ডারসন ও দ্বিতীয় ইনিংসে গ্রায়েম সোয়ানের দুর্দান্ত বোলিংয়ের পরও রঙ্গনা হেরাথ এগিয়ে রেখেছেন স্বাগতিকদের।
দ্বিতীয় দিনে সব মিলিয়ে উইকেট পড়েছে ১৭টি।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার দিন শেষে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে করেছে ৮৪ রান। প্রথম ইনিংসে ১২৫ রানের লিড নেয়াতে ৫ উইকেট হাতে রেখে এগিয়ে আছে ২০৯ রানে। দীনেশ চান্দিমাল ১৭ ও সুরাজ রনদিভ ২ রানে ব্যাট করছেন।
সকালে সাত ওভারের মধ্যে শ্রীলঙ্কার শেষ দুই উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের প্রথম ইনিংসকে খুব একটা বড় করতে দেয়নি ইংল্যান্ড।
ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। দ্বিতীয় ওভারে রানের খাতা খুলার আগেই অ্যালিস্টার কুককে সাজঘরে ফিরিয়ে দেন সুরঙ্গা লাকমল। দ্বিতীয় উইকেটে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের সঙ্গে জোনাথন ট্রটের ৪০ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়।
এগারোতম ওভারের তৃতীয় বলে ট্রটকে (১২) ফিরিয়ে দিয়ে উইকেট শিকার শুরু করেন হেরাথ। ৩ রান পরে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফিরিয়ে দেন স্ট্রাউসকেও (২৬)।
স্পিনে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান ইয়ান বেল এক প্রান্ত ধরে খেললেও অন্য প্রান্তে কেভিন পিটারসেন (৩), ম্যাট প্রায়র (৭) ও সামিত প্যাটেলের (২) দ্রুত বিদায় ইংল্যান্ডের বিপদ বাড়িয়ে তুলে। এক পর্যায়ে দলটির স্কোর দাঁড়ায় ৯২/৬।
সপ্তম উইকেটে স্টুয়ার্ট ব্রডের (২৮) সঙ্গে ৩০ ও অষ্টম উইকেটে সোয়ানের (২৪) সঙ্গে ৩৫ রানের ছোট কিন্তু কার্যকরী দুটি জুটি গড়েন বেল। দলীয় ১৫৭ রানে বোল্ড হয়ে হেরাথের ষষ্ঠ শিকারে পরিণত হওয়ার আগে বেল করেন ৫২ রান। তার ৮৭ বলের ইনিংসে ৮টি চার ও একটি ছক্কা।
দশম উইকেটে অ্যান্ডারসন (অপরাজিত ২৪) ও মন্টি পানেসারের (১৩) ৩৬ রানের সুবাদে দুশর কাছাকাছি স্কোর গড়ে ইংল্যান্ড।
৭৪ রানে ৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার হেরাথ। এনিয়ে ৮ বার ইনিংসে ৫ উইকেট নিলেন হেরাথ।
১২৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সোয়ানের তাণ্ডবে স্বস্তি¡তে নেই শ্রীলঙ্কাও। সোয়ান-ব্রডের দারুণ বোলিংয়ে ৪১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। পঞ্চম উইকেটে চান্দিমালের সঙ্গে ৩১ রানের জুটি পরিস্থিতি সমাল দেয়ার চেষ্টা করেন থিলান সামারাবীরা (৩৬)।
দ্বিতীয় ইনিংসে ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন সোয়ান।
এর আগে ৮ উইকেটে ২৮৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। অ্যন্ডারসন শেষ দুই উইকেট তুলে নেয়ার আগে ২৯ রান যোগ করে দলটি। দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে জয়াবর্ধনে করেন ১৮০ রান। তার ৩১৫ বলের ইনিংসে ২২টি চার ও ৩টি ছক্কা।
৭২ রানে ৫ উইকেট নিয়ে প্রথম ইনিংসে অ্যান্ডারসন ইংল্যান্ডের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৪৭ ঘ.
bdnews24