ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের পর অবসর নিয়ে অনেক সমালোচনাই হজম করতে হয়েছে শচীন টেন্ডুলকারকে। এতদিন চুপচাপ থাকলেও এবার ওই সমালোচনাকারীদের এক হাত নিয়েছেন এই ব্যাটিং বিস্ময়। তিনি বলেন, অবসর একান্তই আমার সিদ্ধান্ত এবং এটা নিয়ে অন্য কারো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই।
মুম্বাইতে রোববার এক সংবাদ সম্মেলনে টেন্ডুলকার বলেন, “ফর্মের চূড়ায় থাকা অবস্থায় অবসরের সিদ্ধান্ত স্বার্থপরতাই হবে। যখন আমার মনে হবে আমি সেখানে নেই তখন অবসর নিয়ে চিন্তা করবো। চূড়ায় থাকা অবস্থায় যারা অবসরের কথা বলে তাদের স্বার্থপর বলেই আমার মনে হয়।”
“কারণ যখন কেউ চূড়ায় থাকে তখন অবসর নয় বরং তার দেশের সেবা করা উচিৎ,” যোগ করেন তিনি।
অবসরের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন জানিয়ে টেন্ডুলকার আরো বলেন, “কখন অবসরে যাব সেই সিদ্ধান্ত আমি নিজেই নেব। কারণ অন্য কারো সিদ্ধান্তে আমি শুরু করিনি। যারা আমাকে অবসরের পরামর্শ দিচ্ছেন তারা আমাকে দলে আনেনি।”
নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে ১০০টি শতকের মালিক টেন্ডুলকার বলেন, “আমার আর কোনো স্বপ্ন নেই। দুইটি বড় স্বপ্ন ছিলো, একটি ভারতের হয়ে খেলা ও অন্যটি বিশ্বকাপ জয়। এ দুটোই আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিলো।”
২০১৫ বিশ্বকাপে খেলার আশা করেন কিনা এমন প্রশ্নের জবাবে টেন্ডুলকার বলেন, “২০০৭ সালে (২০১১ বিশ্বকাপ নিয়ে) যখন এই প্রশ্ন করা হয়েছিলো তখনও এর জবাব দেয়া আমার জন্য কঠিন ছিলো। এখনও একই অবস্থা। ২০১৫ সম্পর্কে আমি কি বলব তা জানি না। আমি চেষ্টা চালিয়ে যাব, বাকিটা বিধাতার হাতে। আমি কোনো লক্ষ্য নির্ধারণ করতে চাই না। আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৫১ ঘ.
bdnews24