২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানার আবেদনে ‘হতাশ’ পাকিস্তান

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে পাঁচ রান জরিমানায় এসিসি ও আইসিসির কাছে বিসিবির আবেদনে ‘হতাশা’ প্রকাশ করেছে পিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে পাঁচ রান জরিমানায় এসিসি ও আইসিসির কাছে বিসিবির আবেদনে ‘হতাশা’ প্রকাশ করেছে পিসিবি। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিচালক ইন্তিখাব আলম বাংলাদেশের এ অবস্থানকে ‘হতাশাজনক’ অভিহিত করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে। তিনি বলেন, “বিসিবি কর্মকর্তার কাছ থেকে এ বক্তব্য শোনা সত্যিই কষ্টকর ও হতাশাজনক। সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনাল খেলায় পাকিস্তানকে পাঁচ রান জরিমানা করতে আইসিসি ও এসিসিতে আবেদনের কথা শনিবার জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালন কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ। শ্বাসরুদ্ধকর ওই ম্যাচে বাংলাদেশকে দুই রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। বৃহস্পতিবারের ফাইনালকে ‘রোমাঞ্চকর’ অভিহিত করে খেলায় প্রতিদ্বন্দ্বিতার জন্য সবাই বাংলাদেশের প্রশংসা করেছে বলে উল্লেখ করেন ইন্তিখাব। তিনি বলেন, “তাদের আপিলের সিদ্ধান্তটি খেলার ফল-পরবর্তী একটি ভাবনা।” “আম্পায়াররা কেউ এ নিয়ে পাকিস্তান কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেনি” উল্লেখ করে পিসিবি পরিচালক বলেন, “বাংলাদেশের অভিযোগ সবার উপভোগ করা চমৎকার একটি ফাইনাল নষ্ট করবে।” বৃহস্পতিবারের ফাইনাল খেলায় শেষ ওভারে ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে পাকিস্তানি বোলার আইজাজ চীমা ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছেন- এ অভিযোগে প্রতিযোগিতা শেষ হওয়ার একদিন পর বিসিবি এ আবেদন করে। আবেদন বিবেচনায় নিয়ে জরিমানা হিসাবে পাকিস্তানের পাঁচ রান কাটা বা বাংলাদেশ দলের স্কোরে পাঁচ রান যোগ করার সিদ্ধান্ত এলে বাংলাদেশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বিবেচিত হবে। ওই ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান করেছিল ২৩৬ রান। জবাবে বাংলাদেশ ৫০ ওভারে করে ২৩৪ রান। পাকিস্তানের পাঁচ রান কমানো হলে তাদের স্কোর দাঁড়াবে ২৩১। আর বাংলাদেশ পাঁচ রান পেলে স্কোর দাঁড়াবে ২৩৯। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্লেয়িং কন্ডিশনের ৩৭ ধারায় এ আবেদন জানিয়েছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২০০৩ ঘ.