২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেন-ডুমিনি শতকে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে আলভিরো পিটারসেন ও জেপি ডুমিনির শতকের সুবাদে ৯ উইকেটে ৪৭৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে রোববার দিন শেষে প্রথম ইনিংসে বিনা উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬৫ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে আলভিরো পিটারসেন ও জেপি ডুমিনির শতকের সুবাদে ৯ উইকেটে ৪৭৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে রোববার দিন শেষে প্রথম ইনিংসে বিনা উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬৫ রান। বৃষ্টির কারণে প্রথম দুই দিনের খেলা দুপুরের পরে শুরু হওয়ায় মোট ৭৯ ওভার (৪২+৩৭) খেলা সম্ভব হয়েছিলো। তবে তৃতীয় দিন নির্ধারিত সময়েই খেলা শুরু হয়েছে। আগের দিনের ২ উইকেটে ২৪৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন থেকেই অবিচ্ছিন্ন পিটারসেন-ডুমিনি জুটি এদিন দলের সঙ্গে আরো ৬০ রান যোগ করেন। টেস্টে নিজের দ্বিতীয় শতক তুলে নেয়ার পর আর এগোতে পারেননি ডুমিনি। ১৩টি চারের সাহায্যে ১৮৬ বলে ১০৩ রান করেন তিনি। পিটারসেন দৃঢ়তার সঙ্গেই খেলে যেতে থাকেন। নিজের তৃতীয় টেস্ট শতককে প্রথম দ্বিশতক করার পথে ভালোভাবেই এগোচ্ছিলেন তিনি। কিন্তু ক্রিস মার্টিনের বলে এলবিডব্লিউ হয়ে যাওয়ায় ১৫৬ রানেই থেমে যেতে হয় তাকে। ১৯টি চার ও ১টি ছক্কায় সাজানো নিজের ক্যারিয়ার সর্বোচ্চ রান করার পথে ৩৩৫টি বল মোকাবেলা করেন তিনি। দলীয় সংগ্রহ ৩৮১/৫। ইনিংসের বাকি সময়টা ছিলো নিউজিল্যান্ডের পেসার মার্ক গিলেস্পির। নিজের সেরা নৈপুণ্য দেখিয়ে ৯৩ রানে দক্ষিণ আফ্রিকার চারটি উইকেট তুলে নেন তিনি। সব মিলিয়ে ১১৩ রানে ৬ উইকেট তুলে নিয়ে গিলেস্পিই নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার। বিকালে ব্যাট করতে নেমে কোনো বিপদ ছাড়াই দিন শেষ করে নিউজিল্যান্ড। ড্যানিয়েল ফ্লাইন ৩৫ ও মার্টিন গাপটিল ২৮ রানে অপরাজিত রয়েছেন। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৭৪/৯ ডি (স্মিথ ৫, পিটারসেন ১৫৬, আমলা ৬৩, ডুমিনি ১০৩, ভিলিয়ার্স ৩৮, রুডলফ ১১, বাউচার ৪৬, স্টেইন ০, ফিল্যান্ডার ২৯, মরকেল ১০*; গিলেস্পি ৬/১১৩, মার্টিন ২/৯৫, ব্রেসওয়েল ১/১০৬,) নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৬৫/০ (ফ্লাইন ৩৫*, গাপটিল ২৮*) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১৬ ঘ.