ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা।
সাকিবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শনিবার শুভেচ্ছা জানানোর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী সাকিবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং তার ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।”
একই দিন সাকিবকে খালেদা জিয়া কেক ও লাল গোলাপ ফুলের তোড়াসহ শুভেচ্ছাপত্র পাঠান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার প্রেস সচিব মারুফ কামাল খান।
তিনি বলেন, দলের ক্রীড়া বিষয়ক সহসম্পাদক রায়হান আমিন তালুকদার রনি শুভেচ্ছাপত্র নিয়ে যান সাকিবের মীরপুরের বাসায়।
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া সাকিব বেড়ে উঠেছেন নিজ শহরে। ২১ বছর বয়সে ভারতের বিপক্ষে দেশের হয়ে টেস্ট অভিষেক হয় বিকেএসপির ছাত্র সাকিবের। তার আগের বছরই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার।
সদ্য সমাপ্ত এশিয়া কাপ ক্রিকেটে ব্যাট হাতে ২৩৭ রান ও বল হাতে ৬ উইকেট নেওয়া সাকিব প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/পিডি/২২২৮ ঘ.
bdnews24