২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের রূপকথা শেষ হয়নি’

হন্যে হয়ে খুঁজেও ফাইনালের টিকেট পাননি অনেকে। তারপরও বাংলাদেশ জয়ী হোক- এটাই প্রত্যাশা ভক্তদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 06:55 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিড় করতে শুরু করেছেন ক্রিকেট ভক্তরা। ফাইনাল খেলাকে ঘিরে স্টেডিয়াম এলাকায় চলছে উৎসব মুখর পরিবেশ। প্রিয় দলকে মাঠে থেকে উৎসাহ দিতে নানা রঙে সেজে মাঠে এসেছে ক্রিকেট পাগল মানুষ। এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই এশীয় ক্রিকেটে শ্রেষ্ঠত্বের আসনে চলে যাবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে ইতোমধ্যে মাঠে পৌঁছে গেছে দুই দলই। জুরাইন থেকে এসেছেন তাসফিকুল আলম। স্টেডিয়ামের ঢোকার জন্য সকাল সাড়ে ১০টা থেকে অপেক্ষায় ছিলেন তিনি। তাসফিকুলের বিশ্বাস, “আজ একটা কিছু হবেই। আমি তার অংশ হতে চাই।” ঢাকার মাঠে এর আগে দেশের সব বড় বিজয়েই গ্যালারিতে ছিলেন এই ক্রিকেটপ্রেমী। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ফাইনালটাও তিনি ‘মিস’ করতে চান না। বাবার সঙ্গে খেলা দেখতে এসেছেন ইডেনের ছাত্রী সাদিয়া নূর। আগে মাঠে কখনো না এলেও বাংলাদেশ গত কয়েক ম্যাচ ভালো করায় আর বাসায় থাকতে পারেনি। “এবার প্রথম থেকেই বাংলাদেশ ভালো খেলছে। তাই মাঠে এলাম। আমাদের রূপকথা এখনো শেষ হয়নি। পাকিস্তানকে হারিয়েই সেটা পূর্ণ হবে”, বলেন সাদিয়া। মুশফিকের হাতে শিরোপা দেখেই ফিরতে চান তিনি। আগের দিনের মতো বৃহস্পতিবার সকালেও স্টেডিয়াম এলাকায় হন্যে হয়ে টিকেট খুঁজেছেন অনেকে। যে কোনো টিকেট চাই তাদের। স্টেডিয়াম বুথে এবার টিকেট বিক্রি না হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে দলের জন্য শুভকামনা জানাতে ভোলেননি। জুবায়ের আহমেদ এদেরই একজন। তিনি বলেন, “ফাইনালের টিকেট অনেক দিন আগে থেকেই খুঁজছি। বাংলাদেশে ফাইনালে ওঠার পর কতোভাবে যে খুঁজেছি, কতজনকে যে ফোন দিয়েছি... কিন্তু কাজ হয়নি।” নিজে টিকেট না পেলেও এশিয়া কাপ দেশে থাকুক- এটাই জুবায়েরের চাওয়া। “মাঠের এগারো জনের সঙ্গে পুরো দেশও আজ মাঠে থাকবে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১২৩৫ ঘ.