২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জন্য দোয়া করুন: প্রধানমন্ত্রী

এশিয়াকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য দোয়া করতে আলেম-ওলামাদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়াকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য দোয়া করতে আলেম-ওলামাদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে আলেম ওলামাদের প্রতি তিনি বলেন, “আজ যেন আমরা জয়ী হই সেজন্য আপনারা দোয়া করবেন। সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইবেন।” পরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মোনাজাত পরিচালনা করেন। ইসলামিক ফাউন্ডেশনের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র রুখতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, “স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এখন দ্রুত এগিয়ে চলছে। একটি মহল এ বিচার প্রক্রিয়া নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করছে। এদের বিচার বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র রুখতে সোচ্চার হতে হবে।” এ সময় সরকারের নানা পদক্ষেপও তুলে ধরেন তিনি। শেখ হাসিনা জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর ২ হাজার নতুন মসজিদ পাঠাগার স্থাপন করা হয়েছে। ৬৪টি জেলা মডেল পাঠাগার, ৪৭৭টি উপজেলা মসজিদ পাঠাগারসহ ৫ হাজার পাঠাগারে বই সরবরাহ করা হয়েছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার আওতায় প্রতি বছর ১০ লাখেরও বেশি ছাত্র-ছাত্রীকে শিক্ষা দেওয়া হচ্ছে। এ কার্যক্রম মনিটরিংয়ের জন্য ১৫৩৬টি রিসোর্স সেন্টার পরিচালিত হচ্ছে। ৩০ লাখ শিক্ষার্থীকে প্রাক-প্রাথমিক, সহজ কুরআন ও বয়স্ক শিক্ষা প্রদান করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম উপজেলা পর্যায়ে স¤প্রসারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, “উপজেলা পর্যায়ে স¤প্রসারণের কারণে ২ হাজার ৯২৮টি পদ তৈরি হয়েছে। এ ছাড়া ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। এখন এর মূলধন দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি টাকা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এএল/১৩৪৫ ঘ.