২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

বাংলাদেশের ক্রিকেট এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বৃহস্পতিবার ফাইনালে পাকিস্তানকে হারালেই এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্ব চলে আসবে বাংলাদেশের অধিকারে। জানাচ্ছেন অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

অনীক মিশকাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ক্রীড়া প্রতিবেদক ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর মাত্র একটা জয় দরকার। তা হলেই বাংলাদেশ ইতিহাস গড়বে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে দুপুর দুইটায়। এশিয়া কাপে এর আগে ৯ বার পাকিস্তানের মুখোমুখি হয়ে সবগুলোতেই হেরেছিলো বাংলাদেশ। সব মিলিয়ে ৩০টি মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের জয় মাত্র একটি। ১৯৯৯ সালের ৩১ মে নর্দাম্পটনে বিশ্বকাপে পাওয়া ঐ জয় থেকেই অনুপ্রেরণা খুঁজছে বাংলাদেশ। চার দিনের ব্যবধানে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও বিশ্বকাপের রানার্সআপ শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ দারুণ উজ্জীবিতও। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হারলেও ঐ ম্যাচ থেকেই ভালো খেলার অনুপ্রেরণা পেয়েছে মুশফিকের দল। টানা তিন ম্যাচ এশিয়ার তিন পরাশক্তির বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো খেলে নিজেদের নিয়ে গেছে নতুন উচ্চতায়। বাংলাদেশের ফাইনালে ওঠাকে অঘটন হিসেবে মনে করেন না প্রধান নির্বাচক আকরাম খান। তিনি বলেন, “এটা মোটেও অঘটন নয়। বাংলাদেশ নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েই ভারত ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে ফাইনালে উঠেছে।” অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন ফাইনালে এগিয়ে রাখছেন বাংলাদেশকেই। তিনি বলেন, “এশিয়া কাপে বাংলাদেশ যে মানের ক্রিকেট খেলেছে তাতে আমাদের খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের দল যেমন খেলেছে তার পুনরাবৃত্তি করতে পারলে ফাইনালেও জেতা সম্ভব।” খেলোয়াড়রা সবাই ছন্দে থাকায় জেতার ব্যাপারে দারুণ আশাবাদী আরেক সাবেক তারকা মোহাম্মদ রফিক। তিনি বলেন, “এশিয়া কাপের ফাইনালে ওঠাই আমাদের জন্য বিশাল প্রাপ্তি। খেলোয়াড়রা ইতিহাস গড়েছেন। এখন শেষটা ভালো করতে হলে জ্বলে উঠতে হবে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে।” “অবশ্য সবাই ছন্দে থাকায় আমি আশাবাদী। ফাইনালে বিশেষ করে স্পিনারদের বড় ভূমিকা রাখতে হবে,” যোগ করেন রফিক। এবারের এশিয়া কাপে দলগতভাবেই দারুণ খেলছে বাংলাদেশ। কেউ খুব বড় ইনিংস খেলতে না পারলেও সবাই কম-বেশি অবদান রাখছেন দলের জয়ে। তামিম, সাকিব ও নাসির হোসেন যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলছেন। মুশফিকুর রহিম আর জহুরুল ইসলামও আছেন রানের মধ্যে। শুধু ব্যাটসম্যানরা নন, ভালো করছেন বোলাররাও। টুর্নামেন্টের শুরু থেকেই মাশরাফি বিন মর্তুজা বলে আসছেন, ব্যাটসম্যানদের কাজ সহজ করতে প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানে বেঁধে রাখতে চান তারা। সেই লক্ষ্যে তারা মোটামুটি সফল। শফিউল ইসলামের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে সাফল্য পেয়েছেন নাজমুল হোসেন। প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরে মাশরাফি ভালো খেলছেন। সাকিব-রাজ্জাকদের স্পিনও ভালো অবদান রাখছে বাংলাদেশের জয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৭ ঘ.