ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়ের কাছাকাছি গিয়েও এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে দুই রানে হেরে ভীষণ হতাশ মুশফিকুর রহিম। বাংলাদেশের অধিনায়ক জানান নিজের জন্য নয়, দেশের মানুষের কথা ভেবে এই হার মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জয়ের এতো কাছে গিয়েও ব্যর্থ হওয়ায় সবারই মন খারাপ। এমন সুযোগ তো আর বার-বার আসে না।”
হারের জন্য অবশ্য কাউকে দোষ দেননি মুশফিক। তবে শাহাদাত হোসেনের করা শেষ ওভারে ১০ রান কম হলে খেলার ফল অন্য রকম হতে পারতো বলে মনে করেন তিনি। পাকিস্তানের ইনিংসের শেষ ওভারে দুটি নো বলসহ ১৯ রান দেন শাহাদাত।
ভারতের সঙ্গে এর চেয়ে অনেক বেশি রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ জিতেছিলো। অথচ ফাইনালে ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকরা হারের বেদনায় নীল। সেজন্যই এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলাদেশের অধিনায়ক।
তিনি বলেন, “ভারতের বিপক্ষে ২৯০ রানের লক্ষ্য তাড়া করে জেতার পর আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম। ফাইনালে শুরুটা ভালোও হয়েছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে রানের চাকা সচল রাখা যায়নি।”
“আজ (বৃহস্পতিবার) উইকেটের চরিত্রও একটু অন্য রকম ছিলো। বল ঠিক ভাবে ব্যাটে আসেনি,” মৃদু অনুযোগের সুরে জানান মুশফিক।
তবে হেরে গেলেও এই টুর্নামেন্টে নিজেদের খেলায় মুশফিক সন্তুষ্ট। ধারাবাহিকভাবে ভালো খেলার পেছনে বিপিএলের অভিজ্ঞতা কাজে লেগেছে বলে মনে করেন তিনি।
মুশফিক বলেন, “টুর্নামেন্টের শুরুতে আমাদের লক্ষ্য ছিল যতটা সম্ভব ভালো খেলা। আর চার ম্যাচেই আমরা ভালো খেলেছি।”
“এর পেছনে বিপিএলের বড় অবদান আছে। বিপিএলে খেলার অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লেগেছে,” যোগ করেন তিনি।
এভাবে হেরে যাওয়ায় আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি মুশফিক। নিজের চেয়েও জয়ের জন্য উদগ্রীব বাংলাদেশের মানুষের জন্যই বেশি খারাপ লেগেছে তার ।
ম্যাচ শেষে সাকিব আল হাসানকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়া প্রসঙ্গে মুশফিক বলেন, “অনেকে আবেগ চেপে রাখতে পারেন। কিন্তু আমি পারিনি। আশা জাগিয়েও হেরে যাওয়ায় দেশবাসীর কথা চিন্তা করে ভীষণ খারাপ লেগেছে।”
অধিনায়কের মতো এতটা আবেগাক্রান্ত হয়ে পড়েননি বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল। এভাবে হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই তিনি বিমর্ষ। তবে এবারের এশিয়া কাপ থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও খুঁজে পাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান।
সংবাদ সম্মেলনে ল বলেন, “এই টুর্নামেন্টে তিন কঠিন প্রতিপক্ষের সঙ্গে চারটি ম্যাচেই আমরা ভালো খেলেছি। আজকে ঐতিহাসিক জয়টি পাইনি ঠিকই, তবে লড়াই করেছি শেষ বল পর্যন্ত।”
“এভাবে এগিয়ে যেতে পারলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত উজ্জ্বল,” যোগ করেন তিনি।
এ ব্যাপারে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও একমত। বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, “পুরো টুর্নামেন্টেই বাংলাদেশ দারুণ খেলেছে। ভালো খেলার ধারাবাহিকতা ফাইনালেও ধরে রেখেছে তারা।”
“ফাইনাল বলে দুদলের ওপরেই প্রচন্ড চাপ ছিলো। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক ভীষণ ঠান্ডা মাথায় সেই চাপ সামাল দিয়েছেন,” যোগ করেন তিনি।
অভিজ্ঞতার অভাব আর শেষ ওভারে আইজাজ চিমার আত্মবিশ্বাসী বোলিংয়ের যোগফলেই আশা জাগিয়েও টুর্নামেন্টে দ্বিতীয় বার পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে বলে মনে করেন হাফিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১১৫ঘ.
bdnews24