২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই, পাকিস্তানের ফাইনালে ওঠার

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে শ্রীলঙ্কাকে। অন্যদিকে জিতলে ফাইনালের পথে অনেকখানি এগিয়ে যাবে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে শ্রীলঙ্কাকে। অন্যদিকে জিতলে ফাইনালের পথে অনেকখানি এগিয়ে যাবে পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। আর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হেরে গেছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ জিতে পাকিস্তান এখন বেশ ফুরফুরে মেজাজে । ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজের হতাশা কাটিয়ে ছন্দে ফিরেছেন মোহাম্মদ হাফিজ। বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেছেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদও। তবে মাঝের সারির ব্যাটসম্যানদের ক্রমাগত ব্যর্থতা পাকিস্তানের জন্য দুশ্চিন্তার কারণ। উমর গুল ও আইজাজ চিমাকে নিয়ে পাকিস্তানের পেস আক্রমণ যথেষ্ট শক্তিশালী। বিশেষ করে পুরনো বলে প্রায়ই ভয়ঙ্কর হয়ে ওঠা গুলকে নিয়ে বিশেষ পরিকল্পনা রাখতে হবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। তবে এই মুহূর্তে নিঃসন্দেহে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী বিভাগ স্পিন আক্রমণ। শহীদ আফ্রিদি, সাঈদ আজমল ও হাফিজকে নিয়ে তাদের স্পিন আক্রমণ দারুণ বৈচিত্র্যপূর্ণ। শ্রীলঙ্কা তাকিয়ে আছে লাসিথ মালিঙ্গার দিকে। ভারতের বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি এই ফাস্ট বোলার। তবে বৃহস্পতিবার মালিঙ্গার খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। প্রথম ম্যাচে মালিঙ্গাবিহীন বোলিং আক্রমণ হতাশই করেছে এশিয়া কাপের গতবারের রানার্সআপদের। শ্রীলঙ্কার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা, জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার ব্যাটিং। শ্রীলঙ্কার দুই অভিজ্ঞ ব্যাটসম্যানই দারুণ ছন্দে আছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় সিরিজ থেকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা জয়াবর্ধনে প্রায় প্রতি ম্যাচেই দারুণ সূচনা এনে দিচ্ছেন দলকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫৮ঘ.