২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছি: নাসির

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ২১ রানে হেরে গেছে বাংলাদেশ। আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাচ বের করতে না পারা বাংলাদেশের অনেক দিনের সমস্যা হলেও এর থেকে উত্তরণের চেষ্টা দল করছে বলে জানিয়েছে অলরাউন্ডার নাসির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ২১ রানে হেরে গেছে বাংলাদেশ। আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাচ বের করতে না পারা বাংলাদেশের অনেক দিনের সমস্যা হলেও এর থেকে উত্তরণের চেষ্টা দল করছে বলে জানিয়েছে অলরাউন্ডার নাসির হোসেন। মঙ্গলবার জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে নাসির বলেন, “জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পারছি না। সমস্যাটা বহুদিনের। এক্ষেত্রে আমাদের উন্নতি প্রয়োজন। উন্নতির সুযোগও আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।” ওই ম্যাচে তার আউটই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলো বলে মনে করেন নাসির। তিনি বলেন, “আমি সেট ছিলাম। দুর্ভাগ্যক্রমে আউট হয়ে যাই। ম্যাচের ওই পর্যায়ে ওভাবে আউট হওয়া ঠিক হয়নি।” “ফুটওয়ার্কে কোনো সমস্যা ছিল না। কিছুটা ‘ক্যাজুয়াল’ খেলছিলাম, আরেকটু ‘টাইট’ থাকলে ভাল হতো,” যোগ করেন নাসির। তবে নিজের বিদায়ের পরও দলের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন নাসির। তিনি বলেন, “আশা করেছিলাম জিতবো। কিন্তু শেষদিকে দুইটা উইকেট দ্রুত চলে যাওয়ায় সেটা সম্ভব হয়নি।” শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ওই ম্যাচে জিততে হবে। ভারতের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে আশাবাদী নাসির বলেন, “পাকিস্তানের কাছে হারের ধাক্কা খেলোয়াড়রা কাটিয়ে উঠেছেন। ভারত আগে ব্যাট করলে তাদের যদি ২৬০/২৭০ এর মধ্যে আটকে রাখতে পারি তবে আমাদের ভালো সুযোগ থাকবে।” শততম শতকের অপেক্ষায় থাকা শচীন টেন্ডুলকারের জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই জানিয়ে নাসির আরো বলেন, “ ভালো বলে যে কোনো ব্যাটসম্যানকেই আউট করা সম্ভব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৫৬ঘ.