২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেয়ার্নসের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ

নিজের করা মানহানি মামলায় ফেঁসে যাচ্ছেন ক্রিস কেয়ার্নস। ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) খেলার সময় নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন বলে লন্ডনের একটি আদালতে সাক্ষ্য দিয়েছেন আইসিএলের দুর্নীতি দমন কর্মকর্তা হাওয়ার্ড বিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজের করা মানহানি মামলায় ফেঁসে যাচ্ছেন ক্রিস কেয়ার্নস। ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) খেলার সময় নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন বলে লন্ডনের একটি আদালতে সাক্ষ্য দিয়েছেন আইসিএলের দুর্নীতি দমন কর্মকর্তা হাওয়ার্ড বিয়ার। আদালতে বিয়ার জানান, আইসিএলে কেয়ার্নসের ক্লাব সতীর্থ টিপি সিংয়ের বিবৃতির পর তিনি কেয়ার্নসের ম্যাচ পাতানোয় জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত হয়ে যান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক কমিশনার ললিত মোদি ২০১০ সালের জানুয়ারিতে টুইটারে ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগ করেন কেয়ার্নসের বিরুদ্ধে। এরপর মোদির বিরুদ্ধে মানহানির মামলা করেন কেয়ার্নস। দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০০৮ সালের অক্টোবরে আইসিএল থেকে কেয়ার্নসকে বরখাস্ত করা হয়েছিলো। সে সময় তিনি চন্ডিগড় লায়ন্সের অধিনায়ক ছিলেন। তার বিরুদ্ধে ম্যাচ পাতানোসহ বেশ কয়েকটি অভিযোগ এনে বিবৃতি দিয়েছিলেন চন্ডিগড়ের বোলার টিপি সিং। টিপি সিং বলেন, হায়দরাবাদে অনুষ্ঠিত একটি ম্যাচে কেয়ার্নস তাকে খারাপ বল করার বিনিময়ে অর্থ দিতে চেয়েছিলেন। চন্ডিগড় লায়ন্সের আরেক খেলোয়াড় গৌরব গুপ্তা অভিযোগ করেন, কেয়ার্নস তাকে হুমকি দিয়ে বলেছিলেন পাঁচ রানের বেশি করলে তাকে পরবর্তী ম্যাচগুলোতে পানি টানতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৭ঘ.