ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ইংল্যান্ডই শীর্ষে থাকছে। দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র হওয়ায় তাদের এক নম্বরে থাকা নিশ্চিত হয়ে গেছে।
গত মাসে পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে হেরে যাওয়ায় শীর্ষস্থান হারানোর আশঙ্কায় পড়ে গিয়েছিলো ইংল্যান্ড। ইংল্যান্ডের দুর্দশা দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছিলো শীর্ষে ওঠার সুযোগ। সেজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিততে হতো গ্রায়েম স্মিথের দলকে।
কিন্তু রোববার প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা বৃষ্টিতে ভেসে গিয়ে ম্যাচটি ড্র হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার এক নম্বর হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে গেছে। সিরিজটি ২-০ ব্যবধানে জিতলেও তাদের রেটিং পয়েন্ট হবে ১১৭। যা ইংল্যান্ডের চেয়ে এক কম।
শীর্ষে থাকার পুরস্কার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে এক লাখ পঁচাত্তর হাজার মার্কিন ডলার পাবে ইংল্যান্ড। ১ এপ্রিল টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দলকে এই পুরস্কার দেয় আইসিসি। ২০০৩ সালে টেস্ট র্যাংকিং প্রবর্তন হওয়ার পর প্রথম বারের মতো পুরস্কারটি পেতে যাচ্ছে ইংল্যান্ড।
গত জুনে ঘরের মাঠে সে সময়ের এক নম্বর দল ভারতকে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে শীর্ষে উঠেছিলো ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২১ঘ.
bdnews24