২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরে রোমাঞ্চিত মাশরাফি

চোট তার জীবনে নতুন কিছু নয়। চোটের কারণে খেলোয়াড়ী-জীবনের একটা বড় অংশ মাঠের বাইরে কাটাতে বাধ্য হয়েছেন তিনি। গত এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর চোটের কারণে জাতীয় দলে আর খেলতে পারেননি। ফিরলেন প্রায় ১১ মাস পর, এশিয়া কাপের দলে। এত দিন পর ফিরে দারুণ রোমাঞ্চিত মাশরাফি বিন মর্তুজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট তার জীবনে নতুন কিছু নয়। চোটের কারণে খেলোয়াড়ী-জীবনের একটা বড় অংশ মাঠের বাইরে কাটাতে বাধ্য হয়েছেন তিনি। গত এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর চোটের কারণে জাতীয় দলে আর খেলতে পারেননি। ফিরলেন প্রায় ১১ মাস পর, এশিয়া কাপের দলে। এত দিন পর ফিরে দারুণ রোমাঞ্চিত মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শেষে তিনি বলেন, “১১ মাস ধরে এই দিনটির অপেক্ষাতেই ছিলাম। আমি খুবই রোমাঞ্চিত। এখন ভালো খেলে নিজের জায়গা ধরে রাখতে চাই, দলকে যতটা সম্ভব সাহায্যও করতে চাই।” সামর্থ্য থাকলেও প্রয়োগ ক্ষমতার অভাবের কারণে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী খেলতে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, “আমাদের খেলোয়াড়দের সামর্থ্য থাকলেও প্রয়োগ ক্ষমতায় সমস্যা আছে। তবে এবার খেলোয়াড়রা এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কঠোর পরিশ্রম করছে। তাই ভালো কিছুর আশা করছি।” এই মুহূর্তে খেলোয়াড়দের কোনো বিতর্কিত মন্তব্য না করাই ভালো বলে মনে করেন দেশ-সেরা পেসার মাশরাফি। তিনি বলেন, “এশিয়া কাপ শুরু হতে আর বেশি বাকি নেই। এই সময়ে খেলোয়াড়দের কোনো বিতর্কিত কথা না বলাই ভালো। অবশ্য আমার মনেও হয় না তারা কেউ এ নিয়ে চিন্তিত। তারা বরং নিজেদের পারফরম্যান্স নিয়েই বেশি ভাবছেন।” “এশিয়া কাপের প্রতিটি ম্যাচ নিয়ে আমরা আলাদাভাবে ভাবছি। একটি ম্যাচ জিততে পারলেও তা হবে বড় প্রাপ্তি,” যোগ করেন তিনি। অনেক দিন পর জাতীয় দলে ফিরলেও বাংলাদেশের বেশ কয়েকটি স্মরণীয় জয়ের নায়ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নিজের দায়বদ্ধতার সঙ্গে কিছুতেই আপোষ করবেন না। মাশরাফি বলেন, “দায়বদ্ধতার সঙ্গে আমি কখনোই আপোষ করি না। হয়তো প্রথম ম্যাচেই আবার চোট পেয়ে মাঠের বাইরে চলে যাবো। কিন্তু তা নিয়ে একদমই ভাবছি না। আমার সাধ্যমতো যতটা সম্ভব ভালো খেলার চেষ্টা করবো। ভারতের বিপক্ষে তার সাফল্যের হার সব সময়ই ভালো। এবারও ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সাফল্য পাওয়ার ব্যাপারে মাশরাফি আত্মবিশ্বাসী। তিনি বলেন, “ভাগ্য একটু সহায় হলে ভারতের বিপক্ষে ভালো কিছুর আশা করছি।” দারুণ শক্তিশালী ব্যাটিং লাইনআপ হলেও যথারীতি ভারতের সবচেয়ে বড় ভরসা শচীন টেন্ডুলকার। তবে শুধু টেন্ডুলকারকে নিয়ে ভেবে লাভ নেই বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, “টেন্ডুলকারকে নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। জিততে হলে ভারতের সব ব্যাটসম্যানকে আউট করার কথাই ভাবতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১৯ঘ.