ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দুদিন তীব্র লড়াইয়ের পর তৃতীয় দিনটি দারুণ স্বস্তি বয়ে এনেছে দক্ষিণ আফ্রিকার জন্য। জ্যাক ক্যালিসের অপরাজিত ও অধিনায়ক গ্রায়েম স্মিথের শতকের সুবাদে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে অতিথিদের সংগ্রহ ৩ উইকেটে ২৬৮ রান। ৭ উইকেট হাতে নিয়ে গ্রায়েম স্মিথের দল ২৩৩ রানে এগিয়ে আছে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৩৮ রানের জবাবে ২৭৩ রান করেছে নিউজিল্যান্ড।
ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৫ রানের জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান আলভিরো পিটারসেন ও স্মিথ। কিন্তু মাত্র দুই রানের ব্যবধানে পিটারসেন (২৫) ও হাশিম আমলা (২) আউট হয়ে গেলে বিপদে পড়ে যায় সফরকারীরা। তখন তারা এগিয়ে মাত্র ১২ রানে।
এই অবস্থায় দলের হাল ধরেন স্মিথ ও ক্যালিস। ২০০ রানের জুটি গড়ে তারা শুধু বিপদ কাটিয়ে উঠতেই সাহায্য করেননি, দলকে অনেক দূর এগিয়েও দিয়েছেন।
২৪তম টেস্ট শতকের দেখা পাওয়া স্মিথের অধিনায়কোচিত ইনিংসের সমাপ্তি ঘটে শেষ বিকেলে স্বাগতিকরা নতুন বল নেয়ার ঠিক পরেই। দলীয় ২৪৭ রানে ডগ ব্রেসওয়েলের বলে বোল্ড হওয়ার আগে ১১৫ রান করেন স্মিথ। ২৩৪ বলের ইনিংসটিতে ১৩টি চার। দক্ষিণ আফ্রিকার জন্য অনুপ্রেরণাদায়ী তথ্য, স্মিথের শতক করা টেস্টে তারা আজ পর্যন্ত হারেনি।
বুধবার টেস্টের প্রথম দিনে শূন্য হাতে বিদায় নিয়েছিলেন ক্যালিস। অথচ শুক্রবার ব্যাট হাতে সম্পূর্ণ ভিন্ন চেহারায় সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। ১৫টি চারসহ ১০৭ রান করে অপরাজিত আছেন তিনি। ১৩ রান নিয়ে ক্যালিসের সঙ্গে আছেন জ্যাক রুডলফ।
ক্যালিসের ৪২তম শতক (শচীন টেন্ডুলকারের ৫১টির পর তিনি এখন দ্বিতীয় সর্বোচ্চ শতকের মালিক) স্পর্শর মুহূর্তটা দারুণ নাটকীয় ছিলো। ৯৫ থেকে তিনি তিন অংক স্পর্শ করেন পাঁচ রান নিয়ে। ক্রিস মার্টিনের বল কভার-পয়েন্টে ঠেলে রান নেয়ার জন্য দৌড় শুরু করেন ক্যালিস। বলটি ধরে স্টাম্প ভাঙার চেষ্টা করেন এক ফিল্ডার। কিন্তু কেউ ব্যাক-আপ না করায় বল স্টাম্পের পাশ দিয়ে চলে যায় সীমানার বাইরে।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার তিনটি উইকেটই নিয়েছেন ব্রেসওয়েল, ৫৩ রানের বিনিময়ে।
এর আগে ৯ উইকেটে ২৪৩ রান নিয়ে খেলা শুরু করা নিউজিল্যান্ড অলআউট হওয়ার আগে আরো ৩০ রান যোগ করে। আগের দিন শেষে ৮ রানে অপরাজিত ট্রেন্ট বোল্টকে আউট করতে পারেনি অতিথিরা। ৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
বোল্টের সঙ্গী মার্টিনকে (৫) ফেরান ডেল স্টেইন, শর্ট লেগে আমলার ক্যাচ বানিয়ে। ৭২ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে বল হাতে দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে সফল ভারনন ফিল্যান্ডার। দুটো করে উইকেট স্টেইন ও মর্নে মরকেলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএআর/১৯১০ঘ.
bdnews24