ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেলেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিমের বাদ পড়ার প্রতিবাদে প্রধান নির্বাচক আকরাম খানের পদত্যাগের পরদিনই তাকে এশিয়া কাপের ১৫ সদস্যের দলে রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত হয়েছেন তামিম। তিনি সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। এরই মধ্যে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে উঠেছে স্বাগতিক দল।
এর আগে মঙ্গলবার রাতে তামিমকে অপেক্ষমান তালিকায় রেখে এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছিলো বিসিবি।
এশীয় ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নিয়ামানুযায়ী, প্রতিটি দলের ১৫ সদস্যের দল ঘোষণা করার কথা। সেই অনুযায়ী বিসিবির কাছে ১৫ জনের দল দেয় আকরাম খানের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তবে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করার আগে তালিকার দুই নম্বরে থাকা তামিমের নাম বাদ দিয়ে দেয় বিসিবি।
এই ঘটনার জের ধরে বিসিবির সঙ্গে নির্বাচক কমিটি মুখোমুখি অবস্থানে দাঁড়ায়। বুধবার স্বাধীনভাবে কাজ করতে না দেয়া এবং কাজে হস্তক্ষেপের অভিযোগ এনে পদত্যাগ করেন আকরাম খান।
সে দিনই অনুশীলনের সময় তামিম জানান, তিনি সম্পূর্ণ সুস্থ।
বৃহস্পতিবার একই কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং কোচ স্টুয়ার্ট ল-ও।
এশিয়া কাপের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্ল¬াহ রিয়াদ (সহ-অধিনায়ক), আনামুল হক, নাজিমউদ্দিন, ইমরুল কায়েস, তামিম ইকবাল, জহুরুল ইসলাম, নাসির হোসেন, সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন, নাজমুল হোসেন ও শফিউল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৬ঘ.
bdnews24