ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন রাহুল দ্রাবিড়। শুক্রবার ব্যাঙ্গালোরে এক সংবাদ সম্মেলনে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।
গত বছর ইংল্যান্ড সফরের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ‘দ্য ওয়াল’ নামে ক্রিকেট বিশ্বে পরিচিত দ্রাবিড়।
৩৯ বছর বয়সী দ্রাবিড় টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক । ১৯৯৬ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই ৯৫ রানের এক চমৎকার ইনিংস এসেছিলো তার ব্যাট থেকে। ১৬৪ টেস্টে ৫২.৩১ গড়ে তার রান ১৩,২৮৮। শতক করেছেন ৩৬টি, সর্বোচ্চ রান ২৭০।
দ্রাবিড়ের নেতৃত্বে ২৫টি টেস্ট খেলেছে ভারত। জিতেছে ৮টিতে, হার ৬টি, বাকি ১১টি ড্র।
বিদেশের মাটিতে টানা ৮টি টেস্টে হারের পর দলের জ্যেষ্ঠ তিন খেলোয়াড় দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও শচীন টেন্ডুলকারের অবসর নিয়ে বিতর্কের সৃষ্টি হয় ভারতের ক্রিকেটাঙ্গনে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা চালিয়ে যাবেন দ্রাবিড়। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৫ঘ.
bdnews24