২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু খেলা নিয়েই ভাবছেন মুশফিক

মাঠের বাইরের অনাকাক্সিক্ষত ঘটনা এশিয়া কাপে বাংলাদেশের খেলায় প্রভাব ফেলবে না বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠের বাইরের অনাকাক্সিক্ষত ঘটনা এশিয়া কাপে বাংলাদেশের খেলায় প্রভাব ফেলবে না বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “মাঠের বাইরে অনেক কিছুই হতে পারে, তবে খেলায় তার কোনো প্রভাব পড়বে না। যারা দলে এসেছেন তাদের জবাবদিহিতার একটা ব্যাপার আছে। নতুনরাও ব্যাপারটা জানেন।” “মাঠের পারফরম্যান্সই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে আমরা সেটাই করে দেখাতে চাই,” যোগ করেন তিনি। এশিয়া কাপের প্রস্তুতির জন্য তেমন সময় পাচ্ছেন না মুশফিকরা। বাংলাদেশের অধিনায়কের কাছে এটাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে। তবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলাকে একটা বড় সুযোগ হিসেবেও দেখছেন তিনি। এশিয়া কাপের দল ভারসাম্যপূর্ণ বলেই মনে হচ্ছে মুশফিকের কাছে। তিনি বলেন, “দল খুব ভারসাম্যপূর্ণ হয়েছে। স্পিন আমাদের মূল শক্তি হলেও দুটি বলে খেলা হয় বলে পেস আক্রমণও এখন খুব গুরুত্বপূর্ণ। সে কারণেই চারজন পেসারকে নেয়া হয়েছে।” “এখন দায়িত্ব আমাদের। মাঠে নিজেদের প্রমাণ দিতে হবে। আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আলাদা করে ভাবছি। শতভাগ উজাড় করে দিয়ে খেলতে পারলে যে কোনো প্রতিপক্ষকে হারানো সম্ভব,” যোগ করেন তিনি। আলাদা করে কথা বলতে হয়েছে তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজাকে নিয়েও। চোট মুক্ত তামিমকে যে কেউই তার দলে চাইবেন বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, “তামিম গত চার-পাঁচ বছর যে মানের ক্রিকেট খেলেছেন তাতে যে কেউ তাকে দলে চাইবে। অধিনায়ক হিসেবে আমিও তাকে দলে চাইবো। তামিম গত দুদিন ধরে আমাদের সঙ্গে অনুশীলন করেছেন। তাকে ফিট বলেই মনে হয়েছে।” “মাশরাফি ভাইয়ের ব্যক্তিত্ব এমন যে তিনি দলে থাকলেই খেলোয়াড়রা অনুপ্রাণিত হয়। বিপিএলে তিনি দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। তার বোলিং দেখে মনে হয়নি ৯ মাস পর বল করতে নেমেছেন। সব সময়ই প্রতিকূলতাকে জয় করে ফিরেছেন তিনি,” যোগ করেন মুশফিক। কয়েকজন জ্যেষ্ঠ ক্রিকেটারের অনুপস্থিতিতে নিজেদের আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করেন মুশফিক। এটাকে নতুনদের জায়গা করে নেয়ার একটা সুযোগ হিসেবেও দেখছেন তিনি। তামিমকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নির্দ্বিধায় মেনে নিলেও তার ব্যাপারে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করেন বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল। তিনি বলেন, “তামিম দারুণ একজন ক্রিকেটার। গত দু দিন ধরে তিনি অনুশীলন করেছেন। তার ফিটনেস বেশ ভালো। তবে তাকে নেয়ার ব্যাপারে বোর্ডই সিদ্ধান্ত নেবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৪ঘ.