২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজের শিরোপা অস্ট্রেলিয়ার

প্রথম ফাইনালের মতো তৃতীয় ফাইনালেও জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত হার মেনেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ও শেষ ফাইনালে পেসার ক্লিন্ট ম্যাকের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে শিরোপা নিজেদের কাছেই রেখে দিয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ফাইনালের মতো তৃতীয় ফাইনালেও জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত হার মেনেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ও শেষ ফাইনালে পেসার ক্লিন্ট ম্যাকের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে শিরোপা নিজেদের কাছেই রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ফাইনালে ১৫ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় ফাইনাল ৮ উইকেটে জিতেছিলো শ্রীলঙ্কা। অ্যাডিলেড ওভালে আগের ম্যাচে ২৭১ রান করেও আত্মসমর্পণ করা অস্ট্রেলিয়া টস হেরে ব্যাট করতে নেমে অলআউট হয়ে যায় ২৩১ রানে। একে তো কুঁচকির চোটের কারণে অধিনায়ক মাইকেল ক্লার্ক নেই, তার ওপরে রানটাও তেমন বেশি নয়-নিজেদের ইনিংস শেষে স্পষ্টতই দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছিলো অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক শেন ওয়াটসনের কপালে। যদিও অস্ট্রেলিয়ার শুরুটা ভলো ছিলো। উদ্বোধনী জুটিতে ৭৫ রান তোলেন ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার। প্রথম দুই ফাইনালে শতক পেলেও এই ম্যাচে অল্পের জন্য অর্ধশতক বঞ্চিত হন ওয়ার্নার। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৪৮ রান করেন তিনি। অর্ধশতক বঞ্চিত হন ওয়েডও। ৭৪ বলে ৪৯ রান করেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় এক পর্যায়ে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ১৭৭/৭। এরপর ব্রেট লি (৫৪ বলে ৩২ রান) ও ম্যাকের (৩২ বলে ২৮ রান) কার্যকর দুটো ইনিংসের সুবাদে সোয়া দু শ’ পেরোয় অস্ট্রেলিয়া। ৩টি করে উইকেট নেন রঙ্গনা হেরাথ ও ফারভিজ মাহারুফ। ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দুই পেসার লি ও ম্যাকের তোপে ৫৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। সেখান থেকে থিরিমান্নে (৩০), কাপুগেদারা (৩৫) ও নুয়ান কুলাসেকারাকে (১৫) নিয়ে যথাক্রমে ৬০, ২৯ ও ৩০ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান উপুল থারাঙ্গা। দলীয় ১৭২ রানে কুলাসেকারা যখন আউট হন তখন জয়ের জন্য ৬৭ বলে ৬০ রান প্রয়োজন শ্রীলঙ্কার। হাতে ৩ উইকেট। থারাঙ্গা ও মাহারুফ যেভাবে খেলছিলেন তাতে এক সময় মনে হচ্ছিলো শিরোপা জিততে যাচ্ছে শ্রীলঙ্কাই। কিন্তু দলীয় ২০৪ রানে ওয়াটসনের বলে থারাঙ্গা (৭১) উইকেটের পেছনে ক্যাচ দেয়ার পর অতিথিরা আর পেরে ওঠেনি। ম্যাচ সেরা ম্যাকে বাকি দুই উইকেট তুলে নিলে ২১৫ রানে থেমে যায় শ্রীলঙ্কা। মাত্র ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন ম্যাকে। ৫৯ রান দিয়ে ব্রেট লির শিকার ৩ উইকেট। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভার ২৩১ (ওয়েড ৪৯, ওয়ার্নার ৪৮, ওয়াটসন ১৯, মাইকেল হাসি ১, ডেভিড হাসি ১৯, ফরেস্ট ৩, ক্রিস্টিয়ান ১৯, লি ৩২, ম্যাকে ২৮, ডোহার্টি ৫*, লিয়ন ০; হেরাথ ৩/৩৬, মাহারুফ ৩/৪০, কুলাসেকারা ২/৪০, দিলশান ১/৪১) শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভার ২১৫ (জয়াবর্ধনে ১৫, দিলশান ৮, সাঙ্গাকারা ১৯, চান্দিমাল ৫, থিরিমান্নে ৩০, থারাঙ্গা ৭১, কাপুগেদারা ৭, কুলাসেকারা ১৫, মাহারুফ ১৮*, হেরাথ ০, মালিঙ্গা ৬; ম্যাকে ৫/২৮, ব্রেট লি ৩/৫৯, ওয়াটসন ২/১৩) ফল: অস্ট্রেলিয়া ১৬ রানে জয়ী। ম্যাচ সেরা: ক্লিন্ট ম্যাকে (অস্ট্রেলিয়া)। সিরিজ সেরা: তিলকারতেœ দিলশান (শ্রীলঙ্কা)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৫৯ঘ.