ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনভাবে কাজ করতে না পারা এবং কাজে হস্তক্ষেপের অভিযোগ এনে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচক আকরাম খান। এটাকে আকরামের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করেন অন্য দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্বাচকদের কক্ষে মিনহাজুল বলেন, “আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করার মতো অবস্থায় নেই। সকালে ঘটনাটা শুনে বাশারকে ফোন করে এ ব্যাপারে নিশ্চিত হই। বিষয়টি পুরোপুরি জেনেছি সকালে মিরপুরে এসে।”
“আকরাম আমাকে এ ব্যাপারে কিছুটা আভাস দিয়েছিলেন। তবে পরিষ্কারভাবে কিছু জানাননি,” যোগ করেন তিনি।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল বলেন, “এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। তিনি পরিবারের সঙ্গে আলাপ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।”
আকরাম পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার আগে তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছিল কিনা জানতে চাইলে মিনহাজুল বলেন, “আমরা ঠিক করেছিলাম বোর্ড সভাপতি (আ হ ম মুস্তফা কামাল) দেশে আসার পর তার সঙ্গে আলোচনায় বসবো।”
হাবিবুলও এটিকে আকরামের ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। এ ব্যাপারে তিনি বলেন, “এটা আকরাম ভাইয়ের ব্যক্তিগত সিদ্ধান্ত। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি আমাকে তার সিদ্ধান্তের কথা জানান।”
“ভেবেছিলাম তিনি পদত্যাগ করার আগে আমরা তিন জনে বসে এ ব্যাপারে আলোচনা করবো। কিন্তু তা আর হলো না,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৪ঘ.
bdnews24