২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটের উন্নয়নে আগ্রহী ঢাকা গ্ল্যাডিয়েটর্স

বিপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আগ্রহী। মঙ্গলবার ‘মিট দ্য চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে দলটির পৃষ্ঠপোষক সেলিম চৌধুরী এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আগ্রহী। মঙ্গলবার ‘মিট দ্য চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে দলটির পৃষ্ঠপোষক সেলিম চৌধুরী এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “প্রতিভা অন্বেষণসহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের।” বিপিএল শেষ হওয়ার পর সপ্তাহখানেক কেটে গেলেও এখনো কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেনি গভর্নিং কাউন্সিল। এ ব্যাপারে সেলিম চৌধুরী বলেন, ‘বিপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে আমাদের এখনও কোন চুক্তি হয়নি। তারা আমাদের কিছু শর্ত দিয়েছে। কিন্তু সে সব শর্ত আমরা মানতে পারিনি। আমরা তাদের কিছু পরামর্শ দিয়েছি। আশা করি ৩/৪ দিনের মধ্যে চুক্তি হয়ে যাবে। আমি চাই না দীর্ঘমেয়াদী চুক্তিতে কোনো ভুল-ভ্রান্তি থাকুক।” “বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে আমরা আবারো আলোচনায় বসবো। আগামী বছর আমরা কি ধরনের সুবিধা পেতে পারি বা তারা আমাদের অনুশীলনের জন্য কয়টা মাঠ দেবে, সেসব নিয়ে আলোচনা করা হবে,” যোগ করেন তিনি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের আয়-ব্যয় এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন সেলিম চৌধুরী। তিনি বলেন, “সত্যি বলতে কি, বিপিএল থেকে আমাদের আয় বলতে গেলে কিছুই হয়নি। ব্যয়ই হয়েছে এবং তা আয়ের চেয়ে বেশি। বর্তমানে আয়ের কোনো সম্ভাবনা আছে বলেও মনে হয় না।” “এ বছর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলা সম্ভব হবে না। তবে বিপিএলের আগামী আসরের চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়ার সুযোগ পাবে। বৃহত্তর স্বার্থে আমরা এটা মেনে নিয়েছি,” যোগ করেন তিনি। গ্ল¬্যাডিয়েটর্সের খেলোয়াড়দের দেনা-পাওনা নিয়ে জানতে চাওয়া হলে দলটির পৃষ্ঠপোষক বলেন, “এটা কঠিন প্রশ্ন। এর জবাব সরাসরি দেয়া সম্ভব নয়। দেশের ক্রিকেটারদের কিছু টাকা দেয়া হয়েছে।” “বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার অনুমতি চেয়েছি। বাংলাদেশ ব্যাংক দলের বিদেশি ক্রিকেটারদের চুক্তিপত্রের কপি জমা দিতে বলেছে। কিন্তু বিপিএল তা এখনও আমাদের হাতে দেয়নি,” যোগ করেন তিনি। তিনি প্রশ্ন রেখে বলেন, “তা হলে কী করে তাদের টাকা পরিশোধ করা সম্ভব?” অনুষ্ঠানে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, আইকন খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল ছাড়াও ইলিয়াস সানি ও আনামুল হক উপস্থিত ছিলেন। ছিলেন দলটির পরিচালক শিহাব এইচ চৌধুরী এবং ব্যবস্থাপক শফিকুল হক হীরাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫৬ঘ.