ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইমরান খান, কপিল দেব ও ডিন জোন্সের পর এবার শচীন টেন্ডুলকারের সমালোচনায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। যথার্থ কারণে ক্রিকেট খেলছেন কিনা এই প্রশ্ন টেন্ডুলকারের নিজেকেই করা সময় হয়েছে বলে মনে করেন এই ক্রিকেট বিশেষজ্ঞ।
শততম শতকের আশা ও বারবার টেন্ডুলকারের ব্যর্থতা চারিদিকে হতাশার সৃষ্টি করছে বলেও মনে করেন চ্যাপেল।
‘দ্য ডেইলি টেলিগ্রাফে’ নিজের কলামে চ্যাপেল লেখেন, “শততম আন্তর্জাতিক শতক করতে টেন্ডুলকার যতবার ব্যর্থ হচ্ছেন ততবার সবচেয়ে বেশি হতাশ হচ্ছেন তিনি নিজে। এসসিজিতে রান আউট হওয়ার পর চরম হতাশায় তিনি ব্রেট লি’র উপর দোষ চাপিয়েছিলেন।”
“টেন্ডুলকারের মত খেলোয়াড় যখন নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করেন তখন তার অর্থ সময় হয়েছে আয়নার সামনে দাঁড়ানো ও নিজেকে জিজ্ঞাসা করার,” যোগ করেন তিনি।
চ্যাপেল বিশ্বাস করেন প্রত্যেক ক্রিকেটারের খেলার একমাত্র কারণ হওয়া উচিৎ দলের জয়।
তিনি বলেন, “যখন একজন খেলোয়াড় নিজেকে উজাড় করে খেলার পরও দল হেরে যায় সেখানে লজ্জার কিছু নেই। কিন্তু যখন ব্যক্তিগত অর্জন দলের ফলাফলের চেয়েও বড় হয়ে যায় তখন পরিষ্কারভাবেই সেটা একটা সমস্যা।”
টেন্ডুলকারের শততম শতক ভারতীয় দলের জন্য বোঝায় পরিণত হয়েছে বলেও মনে করেন চ্যাপেল।
বিশ্বকাপের পর আর কোনো ওয়ানডে ম্যাচ না খেলা টেন্ডুলকারকে কমনওয়েলথ ব্যাংক সিরিজে দলে নেয়ায় ভারতীয় নির্বাচকদের সমালোচনাও করেছেন চ্যাপেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৪৪ ঘ.
bdnews24