২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ফাইনালে রোববার মুখোমুখি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা

ব্রিসবেনে কমনওয়েলথ ব্যাংক সিরিজের প্রথম ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। টানা দুই হারের পর একটি টাই দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করা শ্রীলঙ্কা দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রিসবেনে কমনওয়েলথ ব্যাংক সিরিজের প্রথম ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। টানা দুই হারের পর একটি টাই দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করা শ্রীলঙ্কা দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। শীর্ষ দল হিসেবে ফাইনাল খেলতে আসা অস্ট্রেলিয়াকে ব্রিসবেনে এর আগে কখনোই হারাতে পারেনি শ্রীলঙ্কা। তবে চলমান সিরিজে এই মাঠে নিজেদের একমাত্র ম্যাচে ভারতকে ৫১ রানে হারিয়েছিলো মাহেলা জয়াবর্ধনের দল। এছড়া লিগ পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে চারবারের দেখায় একমাত্র নিজেদের উদ্বোধনী ম্যাচ ছাড়া তিনবারই জিতেছে শ্রীলঙ্কা। আর অস্ট্রেলিয়ার সঙ্গে সর্বশেষ সাত খেলার পাঁচটিতেই জয় লঙ্কানদের। ফলে ফাইনালে অস্ট্রেলিয়াকে তারা যে ছেড়ে কথা কইবে না সেটা নিশ্চিত। তবে শ্রীলঙ্কার জন্য দুঃসংবাদ, ফাইনালে পাওয়া যাবে না অলরাউন্ডার থিসেরা পেরেরাকে। শুক্রবার লিগ পর্বের শেষ ম্যাচে বল করার সময় পিঠে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এদিকে রোববারের ম্যাচে ফিরতে পারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। পিঠের চোটের কারণে লিগ পর্বে অস্ট্রেলিয়ার শেষ দুইটি ম্যাচে খেলেননি তিনি। সিরিজের শুরু থেকেই ওই চোট ভোগাচ্ছে তাকে। সিরিজের মাঝামাঝিতেও দুই ম্যাচ খেলেননি ক্লার্ক। তবে ক্লার্ককে জায়গা দিতে কাকে বাদ দেয়া হবে তা নিয়ে বেশ সমস্যায় পড়েতে হতে পারে অস্ট্রেলিয়ার নির্বাচকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩০ ঘ.