ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিসবাহ-উল-হককে অধিনায়ক রেখেই এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা পাননি শোয়েব মালিক, ইমরান ফরহাত ও আদনান আকমল।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হেরে যওয়ার পর গুঞ্জন উঠেছিলো পাকিস্তানের অধিনায়কত্বে পরিবর্তন আসতে যাচ্ছে। কিন্তু ওই গুঞ্জনকে অমূলক ঘোষণা করে মিসবাহর নেতৃত্বেই এশিয়া কাপ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান।
প্রাথমিক ওই দলে ডাক পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদ ও উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। স¤প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংসের হয়ে ব্যাট হাতে ঝড় তুলে নির্বাচকদের নজর কেড়েছেন জামশেদ। ১০ ম্যাচে ৪১ গড়ে ৩২৮ রান করেন তিনি।
পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ইকবাল কাসিম বলেন, “যেহেতু ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাসির ভালো খেলেছে, তাই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়া তার প্রাপ্য বলেই আমাদের মনে হয়েছে।”
ঢাকায় ১১ মার্চ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। প্রতিযোগিতার বাকি দুই দল বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা।
পাকিস্তান দল: মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, ইউনুস খান, উমর আকমল, আজহার আলী, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, হাম্মাদ আজম, সাঈদ আজমল, আব্দুর রেহমান, উমর গুল, ওহাব রিয়াজ ও আইজাজ চিমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭২৬ ঘ.
bdnews24