ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাইনালে উঠতে হলে জিততেই হতো শ্রীলঙ্কাকে। শুক্রবার মেলবোর্নে লিগ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ রানে হারিয়ে ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে তারা। তাই আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ জয় পেয়েও বিদায় নিতে হচ্ছে ভারতকে।
আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় এই হারে অস্ট্রেলিয়ার কোনো ক্ষতি হয়নি। তবে হ্যাটট্রিক করেও দলকে জয় এনে দিতে না পেরে অস্ট্রেলীয় অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ানের মন খারাপ হওয়ারই কথা।
৮টি করে ম্যাচ খেলে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা দু দলেরই পয়েন্ট ১৯। সমান ম্যাচে ভারতের সংগ্রহ ১৫ পয়েন্ট। শুক্রবার হেরে গেলে ভারতের সমান পয়েন্ট থাকতো শ্রীলঙ্কার। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে (চারটির মধ্যে ভারতের জয় দুটি, শ্রীলঙ্কার একটি, অন্যটি টাই) ফাইনালে চলে যেতো ভারত।
মেলবোর্ন ক্রিকেট মাঠে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা একদমই ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও পঞ্চম ওভারে বিদায় নেন সাবেক অধিনায়ক তিলকরতেœ দিলশান। ১৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে শ্রীলঙ্কানরা তখন ভীষণ অস্বস্তিতে।
ঐ বিপর্যয়ে দলের হাল ধরেন আরেক সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও দীনেশ চান্দিমাল। দুজনের ১২৩ রানের তৃতীয় উইকেট জুটিতেই ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ৬৪ রান করতে সাঙ্গাকারা একটু বেশিই বল খেলেছেন। তার ৯৩ বলের ইনিংসে চার মাত্র তিনটি।
তবে চান্দিমালের ব্যাটে রানের গতি সচল ছিলো শুরু থেকেই। ৮৪ বলে দুটি ছক্কা ও তিনটি চারে ৭৫ রানের ইনিংসেই তা প্রতিফলিত। এই দুজন ছাড়া অর্ধশতক এসেছে লাহিরু থিরিমান্নের (৫১) ব্যাট থেকেও। চোট কাটিয়ে মাঠে ফিরে টুর্নামেন্টে প্রথম বারের মতো খেলতে নামা জেমস প্যাটিনসন ফিরিয়েছেন তিন জনকেই।
তবু শ্রীলঙ্কার ইনিংসে পাদপ্রদীপের সবচেয়ে বেশি আলো ক্রিস্টিয়ানের ওপরে। মাত্র অষ্টম ওয়ানডে খেলতে নেমেই তিনি হ্যাটট্রিক করার আনন্দে বিভোর। আলোচিত ঘটনাটির জন্ম ৪৪তম ওভারে। ঐ ওভারের তৃতীয় বলটি উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেট সীমানায় মাইক হাসির অসাধারণ ক্যাচে পরিণত হন থিসারা পেরেরা। পরের দুই বলে সচিত্রা সেনানায়েকে ও নুয়ান কুলাসেকারাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠেন ক্রিস্টিয়ান।
ওয়ানডেতে এটি ৩১তম হ্যাটট্রিক। ৫০ ওভারের ক্রিকেটে ক্রিস্টিয়ানের আগে আর মাত্র তিন জন এই কৃতিত্ব দেখাতে পেরেছেন - ব্র“স রিড (১৯৮৬), অ্যান্থনি স্টুয়ার্ট (১৯৯৭) ও ব্রেট লি (২০০৩)।
ক্রিস্টিয়ানের সাফল্যই হয়তো জ্বলে উঠতে অনুপ্রাণিত করেছে ওয়ানডেতে তিনটি হ্যাটট্রিকের মালিক লাসিথ মালিঙ্গাকে। তার তোপে ২৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া। তবে শেন ওয়াটসন, মাইক হাসি ও ডেভিড হাসির দৃঢ়তা জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো স্বাগতিকদের।
মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা ওয়াটসন ৬৫ রান করে বোল্ড হয়ে যান মালিঙ্গার বলে। আর ২৯ রান করে মাইক হাসি থিরিমান্নের বলে ক্যাচ দেন উইকেট রক্ষক সাঙ্গাকারাকে।
এ দুজনের বিদায়ের পর বলতে গেলে একাই লড়াই করেছেন ডেভিড হাসি। কুলাসেকারার করা শেষ ওভারে প্রয়োজন ছিলো ১০ রান। কিন্তু প্রথম বলটি উড়িয়ে মারতে গিয়ে দিলশানের হাতে ধরা পড়েন ডেভিড হাসি। আর শ্রীলঙ্কানরাও মেতে ওঠে ফাইনালে ওঠার আনন্দে। ৭৪ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৭৪ রান করেও মাইক হাসির ছোট ভাই তখন হতাশায় আচ্ছন্ন।
রোববার ব্রিসবেনে হবে প্রথম ফাইনাল। মঙ্গলবার দ্বিতীয় ফাইনাল অ্যাডিলেডে। প্রথম দুই ফাইনাল শেষে ১-১ সমতা থাকলে অ্যাডিলেডেই হবে তৃতীয়টি, বৃহস্পতিবার অর্থাৎ ৮ মার্চ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৮ (জয়াবর্ধনে ৫, দিলশান ৯, সাঙ্গাকারা ৬৪, চান্দিমাল ৭৫, থিরিমান্নে ৫১, ম্যাথিউস ৫, পেরেরা ৫, সেনানায়েকে ০, কুলাসেকারা ০, হেরাথ ১৪*, মালিঙ্গা ২; ক্রিস্টিয়ান ৫/৩১, প্যাটিনসন ৪/৫১)
অস্ট্রেলিয়া: ৪৯.১ ওভারে ২২৯ (ওয়েড ৯, ওয়ার্নার ৬, ওয়াটসন ৬৫, ফরেস্ট ২, মাইক হাসি ২৯, ডেভিড হাসি ৭৪, ক্রিস্টিয়ান ৩, প্যাটিনসন ১২, ম্যাকে ৬, ডোহার্টি ৭, হিলফেনহস ০*; মালিঙ্গা ৪/৪৯, কুলাসেকারা ২/৩৮, থিরিমান্নে ১/২৫, হেরাথ ১/৪৩, সেনানায়েকে ১/৫০)
ম্যাচ সেরা: দীনেশ চান্দিমাল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯০৮ঘ.
bdnews24