ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাথমিক দলে আবারো ঠাঁই মেলেনি সাবেক অধিনায়ক ক্রিস গেইলের।
ফিটনেস পরীক্ষা ও অনুশীলন ক্যাম্পের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) ঘোষিত ত্রিশ জনের দলে রয়েছেন চুক্তিবদ্ধ ১৭ জন খেলোয়াড়। বাকি ১৩ জনের সঙ্গে বোর্ডের সরাসরি কোনো চুক্তি নেই।
গত বছরের বিশ্বকাপের পর থেকে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলার সুযোগ দেয়া হচ্ছে না গেইলকে।
দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে ১ মার্চ বার্বাডোজে। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার পরও অসুস্থতার জন্য দলে রাখা হয়নি সিমার রবি রামপলকে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়া দু’টি টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে।
প্রথম একদিনের খেলাটি হবে ১৬ মার্চ সেন্ট ভিনসেন্টে। আর টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি হবে সেন্ট লুসিয়ায় ২৭ মার্চ।
এছাড়া তিন ম্যাচের টেস্ট সিরিজও খেলবে দল দু’টি। প্রথম টেস্ট শুরু হবে ৭ এপ্রিল বার্বাডোজে।
চুক্তিবদ্ধ খেলোয়াড়রা হলেন আড্রিয়ান বারাথ, কার্লটন বফ, দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো,
শিবনারায়ন চন্দরপল, ফিডেল এডোয়ার্ডস, কার্ক এডোয়ার্ডস, শ্যানন গ্যাব্রিয়েল, নেলন প্যাসকল, কাইরন পাওয়েল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন সামি, মারলন স্যামুয়েলস, শেন শিলিংফোর্ড ও ডেভন টমাস।
বাকি ১৩ জন খেলোয়াড় হলেন স্যামুয়েল বাদ্রি, টিনো বেস্ট, এনক্রুমাহ বোনার, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, শেন ডোউরিচ, ডেনজা হায়াট, গ্যারি মাথুরিন, সুনীল নারিন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, ক্রিশমার সান্টোকি ও ডোয়াইন স্মিথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪৩ ঘ.
bdnews24