ঢাকা, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার বিপক্ষে আগামী মাসে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ১৬ সদস্যের দলে রাখা হয়নি বাঁহাতি ব্যাটসম্যান এউইন মরগানকে।
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ব্যর্থতাই মরগানের বাদ পড়ার কারণ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত তিন টেস্টের ঐ সিরিজে ৬ ইনিংসে ১৩.৬৬ গড়ে মাত্র ৮২ রান করেন মরগান। ৩-০তে সিরিজটা হেরে যাওয়ায় ইংল্যান্ড এখন টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোরও আশঙ্কায়।
ইদানিং ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য সমিত প্যাটেল প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন টেস্ট দলে। আরেক অফস্পিনার জেমস ট্রেডওয়েল প্রায় দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন। ২০১০ সালের মে মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছিলেন ট্রেডওয়েল।
কনুইয়ের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে খেলতে না পারা পেসার টিম ব্রেসনানও ফিরেছেন দলে।
গলে প্রথম টেস্ট শুরু হবে ২৬ মার্চ থেকে। ৩ এপ্রিল কলম্বোতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ইংল্যান্ডের টেস্ট দল : অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, ম্যাট প্রায়র, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, রবি বোপারা, স্টিভেন ফিন, সমিত প্যাটেল, জেমস ট্রেডওয়েল, টিম ব্রেসনান, স্টিভেন ডেভিস ও মন্টি পানেসার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৫ঘ.
bdnews24