ঢাকা, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আহমেদ শেহজাদের ঝড়ো শতকে দুরন্ত রাজশাহীকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম সেমিফাইনালে অতি সহজে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল বার্নার্স। মাত্র ৪০ বলে শতক করেন শেহজাদ। বিপিএলে এটাই দ্রুততম শতক।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক মুশফিকুর রহিম ও শন আরভিনের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৮৪ রান করে দুরন্ত রাজশাহী। জবাবে শেহজাদ, অধিনায়ক ব্র্যাড হজ ও ফিল মাস্টার্ডের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৬ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল বার্নার্স।
ওভার প্রতি ৯ রানেরও বেশি করার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা বরিশাল বার্নার্সকে দুর্দান্ত সূচনা এনে দেয় হজের (২৩ বলে ৩৩ রান) সঙ্গে শেহজাদের মধ্যে মাত্র ৭ ওভার ৫ বলে গড়ে ওঠা ১০৩ রানের উদ্বোধনী জুটি। দলীয় ১১ রানেই অবশ্য ভেঙ্গে যেতে পারতো জুটিটা। কিন্তু আরভিনের বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে মনির হোসেনের হাতে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান হজ।
শেহজাদ আর হজের আক্রমণাত্মক ব্যাটিং প্রথম ৬ ওভারে ৮৬ রান এনে দেয় বরিশাল বার্নার্সকে। বিপিএলের পাওয়ার প্লেতে এটাই সর্বোচ্চ রান।
হজ বিদায় নেয়ার পর মাস্টার্ডের (২০ বলে ৩৩ রান) সঙ্গে ৭৪ রানের আরেকটি চমৎকার জুটি গড়েন শেহজাদ। দলীয় ১৭৭ রানে মাস্টার্ড ফিরে এলেও শেহজাদকে আউট করতে পারেনি দুরন্ত রাজশাহী।
টি-টোয়েন্টিতে প্রথম শতকের দেখা পাওয়া শেহজাদের মাত্র ৪৯ বলে খেলা অপরাজিত ১১৩ রানের ঝড়ো ইনিংসে ১২টি চার ও ৬টি ছক্কা। পাকিস্তানের এই ডানহাতি ব্যাটসম্যান অর্ধশতকে পৌঁছান মাত্র ১৬ বলে। বিপিএলের দ্রুততম অর্ধশতকও এটি। অবশ্য ব্যক্তিগত ২৩ ও ৭১ রানে দুবার জীবন পান ম্যাচ সেরা নির্বাচিত শেহজাদ।
এর আগে ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলে শাহজেইব হাসান (২), চতুর্থ বলে জুনায়েদ সিদ্দিক (০) ও শেষ বলে মারলন স্যামুয়েলসকে (০) ফিরিয়ে দিয়ে বরিশাল বার্নার্সকে দারুণ সূচনা এনে দেন ইয়াসির আরাফাত।
তবে চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে আরভিনের ১১০ রানের জুটির সুবাদে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠে দুরন্ত রাজশাহী। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে মুশফিক খেলেন ৫৮ রানের এক ঝকঝকে ইনিংস। ৩৩ বলের ইনিংসটি ৬টি চার ও তিনটি ছক্কায় সাজানো।
মুশফিকের বিদায়ের পর আব্দুল রাজ্জাককে নিয়ে ৫৮ রানের আরেকটি ভালো জুটি গড়েন আরভিন। তার ৬১ বলে ৮২ রানের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা।
১৯ বলে ৩টি চার ও দুটি ছক্কায় ৩২ রান করে অপরাজিত থাকেন রাজ্জাক ।
৩০ রানে ৩ উইকেট নিয়ে আরাফাত বরিশাল বার্নার্সের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭১০ ঘ.
bdnews24