ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩৮ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ইংল্যান্ড।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি ৩৫ রান এনে দিলেও ১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে ক্রেইগ কিসওয়েটার (৩১) ও জনি বেয়ারস্টোর ৩০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অতিথিরা।
দলীয় ৭৯ রানে কিসওয়েটারের বিদায়ের পর সমিত প্যাটেলকে (১৩) নিয়ে ৩৯ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন ম্যাচ সেরা বেয়ারস্টো। ৪৬ বলে ৬০ রানে অপরাজিত থাকা বেয়ারস্টোর আক্রমণাত্মক ইনিংসই ৯ উইকেটে ১৫০ রানে পৌঁছে দেয় ইংল্যান্ডকে।
৩১ রানে ২ উইকেট নিয়ে বল হাতে পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল উমর গুল।
জবাবে পাকিস্তানের শুরুটা ছিলো ভয়াবহ। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। উমর আকমল (১৯) ও শোয়েব মালিক (১২) শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্বাগতিকরা এক সময় পরিণত হয় ৫০/৫-এ।
এরপর অধিনায়ক মিসবাহ-উল-হক ১৩, শহীদ আফ্রিদি ২৫ ও হাম্মাদ আজম ২১ রান করলেও ১৮ ওভার ২ বলে ১১২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
৩০ রানে ৩ উইকেট নিয়ে স্টিভেন ফিন ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার। স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ানের শিকার দুটি করে উইকেট।
সোমবার তৃতীয় ও শেষ ম্যাচ হবে আবুধাবিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪৮ঘ.
bdnews24