ঢাকা, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘরের মাঠে টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালে উঠতে না পারার শঙ্কায় পড়ে গিয়েছিলো চট্টগ্রাম কিংস। তবে ঢাকায় ফিরেই জয়ের দেখা পেয়েছে তারা। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংস ১৩ রানে হারিয়েছে ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সকে।
৮ ম্যাচ থেকে চট্টগ্রাম কিংসের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের পয়েন্ট ৮।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২০ রান করে চট্টগ্রাম কিংস। জবাবে ৯ উইকেটে ১০৭ রানে থেমে যায় ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্সি কারভেজিকে (৮) হারায় গ্ল¬্যাডিয়েটর্স। দ্বিতীয় উইকেটে আজহার মেহমুদের (১২) সঙ্গে ২১ ও তৃতীয় উইকেটে ড্যারেন স্টিভেন্সের (১২) সঙ্গে ১৮ রানের জুটি গড়েন মোহাম্মদ আশরাফুল।
দলীয় ৪৮ রানে স্টিভেন্সের বিদায়ের মাধ্যমে গ্ল¬্যাডিয়েটর্সের বিপর্যয়ের সূচনা। মাত্র ১২ রানের ব্যবধানে মেহরাব হোসেন (৩), কাইরন পোলার্ড (১) ও আশরাফুল (২০) বিদায় নিলে বিপদে পড়ে যায় তারা।
সপ্তম উইকেটে আনামুল হক (২২) ও ধীমান ঘোষের (১১) ৩৩ রানের জুটি জয়ের স্বপ্ন দেখালেও দুজনের প্রচেষ্টা হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে ঢাকার দলটির।
১৩ রানে ৩ উইকেট নিয়ে কেভন কুপার চট্টগ্রাম কিংসের সেরা বোলার। দলকে জয় এনে দিতে এনামুল হক জুনিয়র (২/১৫) আর ডোয়াইন ব্রাভোও (২/২১) ভালো অবদান রেখেছেন।
এর আগে রানের খাতা খোলার আগেই নাসির জামশেদ বিদায় নিলে শুরুটা একদমই ভালো হয়নি চট্টগ্রাম কিংসের। তবে দ্বিতীয় উইকেটে জেসন রয়ের (১৮) সঙ্গে জহুরুল ইসলামের ৪৪ রানের জুটির সুবাদে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে তারা।
কিন্তু দলীয় ৬৬ রানে জহুরুলের (৪০) বিদায়ের পর আবারো দিগ্ভ্রান্ত হয়ে পড়ে চট্টগ্রাম কিংস। অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদ, শামসুর রহমান ও জিয়াউর রহমান দ্রুত বিদায় নিলে চাপ বেড়ে যায় আরো।
শেষ পর্যন্ত ব্রাভোর আক্রমণাত্মক ব্যাটিং লড়াই করার জায়গায় পৌঁছে দেয় চট্টগ্রাম কিংসকে। ব্রাভোর ৪৩ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংসে দুটি করে চার ও ছক্কা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ঔজ্জ্বল্য ছড়িয়ে চট্টগ্রামের জয়ে সবচেয়ে বড় অবদান রাখার সুবাদে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারের হাতেই ম্যাচ-সেরার পুরস্কার উঠেছে।
২৩ রানে ৩ উইকেট নিয়ে ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের সবচেয়ে সফল বোলার ইলিয়াস সানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭২৫ ঘ.
bdnews24