২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

বুধবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নাটকীয়ভাবে ৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নাটকীয়ভাবে ৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অকল্যান্ডের ইডেন পার্কে ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিলো ৭ রান। হাতে ৫ উইকেট। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে মাত্রই দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা পেসার মারচেন্ট ডি ল্যাঞ্জের হাতে বল তুলে দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। প্রথম বলে এক রান নেন জেমস ফ্র্যাঙ্কলিন। পরের বলে নাথান ম্যাককালাম রান করতে পারেনি। তৃতীয় বলে তিনি ডি ভিলিয়ার্সকে ক্যাচ দিলে ম্যাচ অনেকটাই ঝুঁকে পড়ে অতিথিদের দিকে। চতুর্থ বলটি ছিলো বেশ খাটো লেন্থের। নতুন ব্যাটসম্যান ডগ ব্রেসওয়েল ব্যাটেই লাগাতে পারেননি। পরের বলটি আকাশে তুলে দিয়ে হাশিম আমলাকে ক্যাচ দিয়ে ফিরে আসেন ব্রেসওয়েল। অর্থাৎ শেষ বলে ছক্কা দরকার স্বাগতিকদের। ঠিক তখনই নো বল করে বসেন ল্যাঞ্জ। ঐ বলে ফ্র্যাঙ্কলিন এক রান নেয়ায় ৪ রানের প্রয়োজনীয়তার সামনে এসে দাঁড়ায় নিউজিল্যান্ড। ফ্রি হিটের বাড়তি সুবিধা পাওয়ায় তারা তখন জয়ের আশায় উদ্বেল। কিন্তু ল্যাঞ্জ আর কোনো ভুল করেননি। লেগের দিকে সজোরে চালালেও ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারেননি টিম সাউদি। তাই দক্ষিণ আফ্রিকা মেতে ওঠে নাটকীয় জয়ের আনন্দে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৫ রান করে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৩৮ রান আসে জেপি ডুমিনির ব্যাট থেকে। দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে হাশিম আমলা (৩৩), ডি ভিলিয়ার্স (২৯) এবং ওয়েইন পারনেলেরও (অপরাজিত ২২) ভালো অবদান। জবাবে ১২ ওভারে ৩ উইকেটে ১১২ রান করে জয়ের পথে এগিয়ে যাচ্ছিলো নিউজিল্যান্ড। কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতা স্বাগতিকদের জিততে দেয়নি। প্রথম চার ব্যাটসম্যান রব নিকোল (৩৩), মার্টিন গাপটিল (২৬), জেসি রাইডার (৫২) ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম (১৮) ছাড়া নিউজিল্যান্ডের আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১১ঘ.