২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের ওয়ানডে ক্যারিয়ার শেষ

কমনওয়েলথ ব্যাংক সিরিজে রোববার ভারতের বিপক্ষে খেলা ম্যাচটিই ছিলো রিকি পন্টিংয়ের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ওয়ানডে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কও বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তবে এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমনওয়েলথ ব্যাংক সিরিজে রোববার ভারতের বিপক্ষে খেলা ম্যাচটিই ছিলো রিকি পন্টিংয়ের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ওয়ানডে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কও বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তবে এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান না তিনি। ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার পরবর্তী দুটো ম্যাচের জন্য সোমবার ঘোষিত ১৩ সদস্যের ওয়ানডে দলে সুযোগ পাননি পন্টিং। ওই দিনই তার ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচকরা। ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেও ত্রিদেশীয় সিরিজে পন্টিং সম্পূর্ণ ব্যর্থ। ৫ ম্যাচে তার ব্যাট থেকে মাত্র ১৮ রান এসেছে। পান্টিং জানান তিনি প্রধান নির্বাচক জন ইনভেরারিটির সঙ্গে কথা বলেছেন এবং ইনভেরারিটি তাকে জানিয়েছেন, ২০১৫ বিশ্বকাপকে সামনে রেখে তারা যে ভবিষ্যৎ পরিকল্পনার নির্দেশনা পেয়েছেন তাতে পান্টিং নেই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ৩৭ বছর বয়সী পন্টিং বলেন, “এটা বলা একটু কঠিনই যে, আমি অবসর নিয়েছি। আসলে আমাকে বাদ দেয়া হয়েছে। কিন্তু আমি আর কখনো ওয়ানডে খেলার আশা রাখি না এবং আমি নিশ্চিত নির্বাচকদেরও আমাকে আর দলে নেয়ার ইচ্ছা নেই।” “আমাকে বাদ দেয়া হয়েছে যা খুবই হতাশার। কিন্তু আমি ওটা মেনে নিয়েছি। শেষ পাঁচটি ম্যাচে আমার যা পারফম্যান্স তাতে আমাকে দলে রাখা ন্যায্য হতো না,” যোগ করেন তিনি। তবে আরো কিছুদিন টেস্ট খেলা চালিয়ে যেতে চান পন্টিং। ১৬২ টেস্টে ৫৩ গড়ে ১৩,২০০ রানের মালিক পন্টিং বলেন, “আমার ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু এটা নিশ্চিত যে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার এখনো শেষ হয়নি। আমার বিশ্বাস এই গ্রীষ্মে আমি অনেককে প্রমাণ দিতে পেরেছি যে, আমি এখনো অনেক ভালো ক্রিকেট খেলি এবং মাঠে যে কারো চাইতে ভালো।” ২০০৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়া তাসমানিয়ার এই ক্রিকেটার আরো বলেন, “আমি খেলাটিকে ভালোবাসি এবং দেশের হয়ে খেলার প্রতিটি সুযোগ কাজে লাগাতে চাই।” ৩৭৫টি ওয়ানডেতে ৪২.০৩ গড়ে ১৩,৭০৪ রানের মালিক পন্টিং তার ১৭ বছরের ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপ জিতেছেন। তার মধ্যে দুইটি অধিনায়ক হিসেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০৬ ঘ.