২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন পরীক্ষার সামনে বরিশাল বার্নার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে শক্তিশালী খুলনা রয়েল বেঙ্গলসকে হারাতে চয় বরিশাল বার্নার্স। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় খেলবে দুদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে শক্তিশালী খুলনা রয়েল বেঙ্গলসকে হারাতে চয় বরিশাল বার্নার্স। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় খেলবে দুদল। ৭ খেলায় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে খুলনা রয়েল বেঙ্গলস। আর সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে রান রেটে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে পেছনে ফেলে চার নম্বরে রয়েছে বরিশাল বার্নার্স। জেতার জন্য মরিয়া বার্নার্স। সে কারণে একুশ ফেব্র“য়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিকেলে কঠিন অনুশীলনে নিজেদের পূর্ণ প্রস্তুতি সেরে নিয়েছে দলটি। বার্নার্স উপদেষ্টা আকরাম খান বলেন, “খুলনার বিপক্ষে কাল (বুধবার) আমাদের জয় পেতেই হবে। সেমিতে যেতে হলে কাল জয়ের কোন বিকল্প নেই।” “দল সম্পূর্ণ প্রস্তুত, গত দুই দিন খুব ভালো অনুশীলন হয়েছে। বুধবার আমরা জেতার জন্যই মাঠে নামবো,” যোগ করেন তিনি। আইকন খেলোয়াড় ও অধিনায়ক শাহরিয়ার নাফীস এবং বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলকে ছাড়াও বার্নার্সের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। আহমেদ শেহজাদ, ব্র্যাড হজ, ফিল মাস্টার্ড ও মোহাম্মদ মিঠুনরা দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেয়ার সামর্থ্য রাখেন। তবে বার্নার্সের বোলিং নিয়ে একটু চিন্তিত হজ। শেষ দুই ম্যাচে নাফীসের অনুপস্থিতিতে তিনিই দলকে নেতৃত্ব দিয়েছেন। গত ম্যাচে ১৯২ রান করেও হারের পর বোলিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বরিশালের স্পিন আক্রমণ এমনিতে বেশ শক্তিশালী। উইকেট থেকে সহায়তা পেলে তারা খুলনা রয়েল বেঙ্গলসের ব্যাটসম্যানদের ভালো রকম পরীক্ষায় ফেলতে পারেন। অন্যদিকে প্রতিপক্ষ রয়েল বেঙ্গলস বিপিএলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলের একটি। শিবনারায়ন চন্দরপল, হার্শেল গিবস, সনাৎ জয়াসুরিায়া, আন্দ্রে রাসেল, ডোয়াইন স্মিথের সঙ্গে সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, নাসির হোসেন, নাজমুল মিলন ও মার্শাল আইয়ুবদের মতো খেলোয়াড়রা রয়েছেন। তাদের বিপক্ষে জিততে হলে বিশেষ কিছুই করতে হবে বার্নার্সকে। সে সামর্থ্য বার্নাসের আছে বলেই মনে করেন আকরাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৫৮ ঘ.